উত্তর প্রদেশের হাথরস জেলায় নিজ বসতঘর থেকে ৫৮ বছর বয়সী এক সাবেক সেনাসদস্য ও তাঁর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও গলা কেটে দম্পতিকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন— সাবেক সেনাসদস্য শামসুদ্দিন ও তাঁর স্ত্রী সাদ্দো বেগম। রোববার সকালের দিকে ঘরের মূল দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে তাঁদের লাশ দেখতে পাওয়া যায়।
রোববার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ঘটনাটি প্রকাশ্যে আসে। ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয় প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং ওই দম্পতির স্বজনদের খবর দেন। পরবর্তীতে স্বজনদের সহায়তায় দরজা খোলা হলে দেখা যায়, ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শামসুদ্দিন ও সাদ্দো বেগমের ক্ষতবিক্ষত নিথর দেহ।
ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হলে জ্যেষ্ঠ কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ অপরাধস্থলটি ঘিরে ফেলে এবং তদন্তের স্বার্থে এলাকাটি সিলগালা করে দেয়।অপরাধস্থল থেকে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য একটি ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে পুলিশ মরদেহ দুটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়।
হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশ নিহতদের পরিবার এবং প্রতিবেশীদের জিজ্ঞাসা বাদ করছে। পাশাপাশি, ঘটনার সময়ে ওই এলাকায় কারা যাতায়াত করেছে সে বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ পেতে আশপাশের সিআইটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
জোড়া এই হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য ঠিক কী, তা এখনও অস্পষ্ট। বাসা থেকে কোনো জিনিসপত্র চুরি হয়েছে কি না কিংবা কারও সঙ্গে ওই দম্পতির পূর্ববিরোধ ছিল কি না— সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।