দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় ৩টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল কালামা শহরে থেকে ২৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৯ কিলোমিটার। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আরিকা, তারাপাকা, আন্তোফাগাস্তা ও আতাকামা অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভিএনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, কম্পনের কারণে সুপার মার্কেটের তাক থেকে বিভিন্ন পণ্য মেঝেতে পড়ে যাচ্ছে।বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ চিলি, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার -এর উপর অবস্থিত হওয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয় দেশটি।