বিদেশিদের জন্য বাংলাদেশের ৩৩ ধরনের ভিসাকে আরও এক ধরনের বাড়িয়ে ভিসা নীতিমালা, ২০২৬-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের ১৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।মন্ত্রিপরিষদের সভায় নেওয়া সিদ্ধান্ত নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা; বিদেশি বিনিয়োগ (এফডিআই), ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা; পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা; প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা; জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা; পারস্পরিকতা (রেসিপ্রসিটি) নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা এবং আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিদ্যমান ভিসা পদ্ধতি যুগোপযোগী,নিরাপদ, গতিশীল এবং সহজীকরণের উদ্দেশ্যে ভিসা নীতিমালা-২০২৬ প্রণীত হয়েছে।এতে বলা হয়, ভিসা নীতিমালা, ২০০৬-এ ভিসার ক্যাটাগরি ৩৩টি ছিল, ভিসা নীতিমালা, ২০২৬-এ ৩৪টি ভিসা ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। ভিসা নীতিমালা, ২০২৬-এর ভিত্তিতে পূর্ববর্তী সকল ভিসা সংক্রান্ত সার্কুলার বাতিল করে একটি সমন্বিত ও আধুনিক ভিসা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহ সমন্বিতভাবে এটি বাস্তবায়ন করবে।