চার দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষ হচ্ছে আজ। ৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন উদ্বোধন করেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আজ রাতের খাবার খাবেন জেলা প্রশাসকরা। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হওয়ার কথা রয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এ সম্মেলন এটাই প্রথম।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে। যা আমরা আগেও বলেছি, এখনও বলছি।গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।গতকাল সকালে তৃতীয় দিনের অধিবেশন শুরু হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আলোচনার মধ্য দিয়ে। এর পর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ;ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যসূচি ছিল। তার পর ছিল পর্যায়ক্রমে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, ভূমি মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের এজেন্ডা।
গতকাল বৈঠকশেষে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জেলা প্রশাসকরা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে জানতে চেয়েছেন। কিছু পরামর্শও দিয়েছেন তারা। আমরা পরামর্শগুলো গ্রহণ করেছি। কেননা স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী একটি প্রতিষ্ঠান। আর এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।জনগণকে সঙ্গে নিয়ে ডিসিদের কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে। সরকারের কর্মসূচি বাস্তবায়নে তাদের কাজ করতে হবে। অর্থাৎ জনগণকে সঙ্গে নিয়েই তাদের কাজ করতে হবে। কারণ জনগণই হচ্ছে এই দেশের মালিক।তিনি বলেন, বিগত বছরগুলোতে স্থানীয় সরকারের জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, ব্যাপক দুর্নীতি হয়েছে। সেসব বিষয় মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব। সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে সেটাও দেখব। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব কর্মসূচি রয়েছে, সেসব বাস্তবায়িত করার চেষ্টা করব।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের পর্বশেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেছেন, গ্রামে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই। পল্লী বিদ্যুতের লাইন অনেক দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তবে লাইন ঠিক হলে আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়।তিনি বলেন, কিছুদিন আগে যে লোডশেডিং দেখা গিয়েছিল, তা তেলের সংকটের কারণে নয়; বরং যান্ত্রিক ত্রুটির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।তেলের অভাবে লোডশেডিং হয় না- এ মন্তব্য করে মন্ত্রী বলেন, সম্প্রতি তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল তা মোকাবিলায় জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে।তিনি বলেন, সোলার প্যানেলের মাধ্যমে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে আগামী তিন মাসের মধ্যে ডিসি অফিসগুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্মেলনের অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগবিষয়ক গুরুত্বপূর্ণ অধিবেশন গতকাল সকালে অনুষ্ঠিত হয়। দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ?উপস্থিত ছিলেন। এ ছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।