প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।বৈঠকে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা ঢাকার প্রশাসনিক কাঠামোর আওতায় আনা, জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন, দুটি নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে বয়সসীমা তুলে দেওয়া এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার আওতায় আনার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। একই সঙ্গে প্রকল্পের আওতাভুক্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে প্রকল্পটি তিনটি জেলায় বিস্তৃত থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল এবং নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও পয়োনিষ্কাশনসহ বিভিন্ন সেবা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের জাতীয় চা দিবসের তারিখ ৪ জুন থেকে পরিবর্তন করে ২১ মে নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০২০ সাল থেকে ২১ মে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করে আসছে।বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাবও অনুমোদন পায়। বিদ্যমান আইনে বিএসইসির ক্ষেত্রে বয়সসীমা ছিল ৬৫ বছর এবং বীমা নিয়ন্ত্রক সংস্থার ক্ষেত্রে ৬৭ বছর। অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগে এই সীমা বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে জানানো হয়।এ ছাড়া সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংশ্লিষ্ট আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে জ্বালানিবিষয়ক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কমিটির সভাপতি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম প্রস্তাব করেন তিনি।