স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হতে শিশুর বয়স অন্তত ছয় বছর হতে হবে। জাতীয় শিক্ষানীতি-২০১০-এ এমন নির্দেশনা রয়েছে। তবে সাত বছর পেরিয়ে গেলে ভর্তি হওয়া যাবে না- এমন কোনো শর্ত নেই। অথচ সেই শিক্ষানীতির দোহাই দিয়েই প্রথম শ্রেণিতে ভর্তির সর্বোচ্চ বয়স সাত বছরের কম নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।ফলে অসুস্থতা, পারিবারিক সংকটসহ নানা কারণে সময়মতো স্কুলে ভর্তি হতে না পারা শিশুদের সামনে তৈরি হয়েছে নতুন বাধা। সাত বছর পূর্ণ হলেই প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ হারাচ্ছে তারা।শুধু বয়সের ঊর্ধ্বসীমা নয়, ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় জন্মতারিখের হিসাবেও গরমিল পাওয়া গেছে। বয়সের শর্ত অনুযায়ী ভর্তির যোগ্য হলেও জন্মতারিখের সীমায় বাদ পড়ছে কোনো কোনো শিশু। আবার বয়সের শর্তে অযোগ্য হলেও নির্ধারিত জন্মতারিখের মধ্যে পড়ছে কেউ কেউ। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
প্রশ্ন উঠেছে- শিক্ষানীতিতে যে বাধা নেই, তা নতুন করে আরোপ করা হলো কেন? বয়সের কারণে কোনো শিশু স্কুলে ভর্তি হতে না পারলে তার শিক্ষাজীবন শুরু হবে কীভাবে?অভিভাবকদের অভিযোগ, শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পরিবর্তে নতুন নীতিমালায় অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হয়েছে। সাত বছরের ঊর্ধ্বসীমা তুলে নেওয়া অথবা যৌক্তিকভাবে সংশোধনের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে জন্মতারিখের গরমিল দূর করার দাবি তাদের।শিক্ষাসংশ্লিষ্টদের মতে, শিশুদের বয়স অনুযায়ী শ্রেণি নির্ধারণ গুরুত্বপূর্ণ। তবে বয়সের কারণে কোনো শিশু যেন প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বাদ না পড়ে, সে বিষয়েও নজর দিতে হবে। বিশেষ করে নির্ধারিত বয়সে স্কুলে ভর্তি হতে না পারা শিশুদের জন্য বিকল্প ব্যবস্থা থাকা প্রয়োজন।
শিক্ষানীতির দোহাই, অথচ নেই বয়সের ঊর্ধ্বসীমা
জাতীয় শিক্ষানীতি-২০১০-এর দ্বিতীয় অধ্যায়ে প্রাথমিক শিক্ষায় ভর্তির বয়স নিয়ে নির্দেশনা রয়েছে। ভর্তির বয়স শিরোনামের ৬ নম্বর দফায় বলা হয়েছে, বর্তমানে চালু ৬+ বছর (ছয় বছরের বেশি) বয়সে প্রথম শ্রেণিতে ভর্তির নিয়ম বাধ্যতামূলক করা হবে।অর্থাৎ, প্রথম শ্রেণিতে ভর্তি হতে শিশুর বয়স ছয় বছর বা তার বেশি হতে হবে। কিন্তু সাত বছর পূর্ণ হলে ভর্তি হতে পারবে না- এমন কোনো নির্দেশনা ওই দফায় নেই। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি, তবে অবশ্যই সাত বছরের কম হতে হবে।বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। টুম্পা রানী নামে একজন অভিভাবক বলেন, শিক্ষানীতিতে যেখানে বয়সের ঊর্ধ্বসীমা নেই, সেখানে সেই শিক্ষানীতির কথা উল্লেখ করে সাত বছরের সীমা নির্ধারণ করা হলো কেন? অনেক মেধাবী স্টুডেন্টও বয়সসীমার কারণে ঝামেলায় পড়ছে। শিশু বয়সেই কেন ১০-১৫ দিন অথবা কয়েক মাস বয়সের কারণে ওদের বঞ্চিত করা হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়।
৭ বছর পেরোনো শিশুরা যাবে কোথায়?
দেশে অনেক শিশু সময়মতো স্কুলে যাওয়ার সুযোগ পায় না। কারও পড়াশোনা শুরু করতে দেরি হয় অসুস্থতার কারণে। কেউ পারিবারিক বা আর্থিক সংকটে পড়ে। দুর্গম অঞ্চলের অনেক শিশুও নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে।এমন শিশুদের প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ না থাকলে তারা কীভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করবে, তার সুস্পষ্ট সমাধান নতুন নীতিমালায় নেই। কোনো কারণে শিক্ষাজীবন শুরু করতে দেরি হওয়া শিশুদের বিষয়টিও বিবেচনা করা উচিত বলে মনে করেন শিক্ষাবিদ ও অভিভাবকরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মজিবুর রহমান জাগো নিউজকে বলেন, শিক্ষানীতিতে বয়সের ঊর্ধ্বসীমা নেই। এ কারণে যে ভর্তি নীতিমালায় শর্ত দেওয়া যাবে না, এমনটিও নয়। তবে মূল প্রশ্নটা হলো- বয়সসীমার যৌক্তিক ভিত্তি কী এবং বয়সসীমার বাইরে থাকা শিশুদের জন্য সরকারের বিকল্প ব্যবস্থা কী? এটা সরকারকে তথা শিক্ষা মন্ত্রণালয়কে স্পষ্ট করতে হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণি নিয়েও ধোঁয়াশা
সরকারি ও বেসরকারি স্কুলের নতুন নীতিমালায় প্রবেশ শ্রেণি বা প্রথম শ্রেণি এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।কিন্তু বয়সের নির্দিষ্ট শর্ত রয়েছে শুধু প্রথম শ্রেণির জন্য। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের সীমা কী হবে, তা আলাদাভাবে উল্লেখ নেই। এতে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। সাত বছর পার হওয়া কোনো শিশু প্রথম শ্রেণিতে ভর্তি হতে না পারলে কি সরাসরি দ্বিতীয় শ্রেণিতে আবেদন করতে পারবে? সেক্ষেত্রে তার পূর্বশিক্ষা বা যোগ্যতা যাচাই করা হবে কীভাবে?অভিভাবকদের আশঙ্কা, এ বিষয়ে নির্দেশনা স্পষ্ট না হলে একেক স্কুল একেকভাবে নিয়মের ব্যাখ্যা দিতে পারে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি বাড়বে।