→ সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার মক্কা জোটের→ ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে→ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত→ রাতভর উত্তাপ: ৭ ঘণ্টার ব্যবধানে ঢাকাসহ দেশের ১১ স্থানে আগুন-সহিংসতা→ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস
No icon

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর আসন্ন বাংলাদেশ সফর স্থগিত করেছেন। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে তাঁর ঢাকায় আসার কথা ছিল। বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা সফর স্থগিত করার পাশাপাশি আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সফর শেষ করে তাঁর ব্যাংকক যাওয়ার কথা ছিল।কুয়ালালামপুর থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরটি স্থগিত করার বিষয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশের কাছে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সময়ে সফরের নতুন দিনক্ষণ সম্পর্কে বাংলাদেশকে অবহিত করবে।

এর আগে গত ২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের এই সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিল।সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই বৈঠকের আলোচ্যসূচিতে অভিবাসী শ্রমিক নিয়োগ ও তাদের কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সর্বশেষ ঢাকা সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম; সে সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন।