→ সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার মক্কা জোটের→ ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে→ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত→ রাতভর উত্তাপ: ৭ ঘণ্টার ব্যবধানে ঢাকাসহ দেশের ১১ স্থানে আগুন-সহিংসতা→ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস
No icon

রাতভর উত্তাপ: ৭ ঘণ্টার ব্যবধানে ঢাকাসহ দেশের ১১ স্থানে আগুন-সহিংসতা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একের পর এক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত মাত্র সাত ঘণ্টার ব্যবধানে ঢাকা ও ঢাকার বাইরে অন্তত ১১টি স্থানে যানবাহন, দোকান, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং রাজনৈতিক নেতার বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বাদ পড়েনি পুলিশের বিশেষ নিরাপত্তা ইউনিটের গাড়িও। ধারাবাহিক এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের তথ্য এবং বিভিন্ন জেলার ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে দেখা গেছে, শনিবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিট থেকে রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত রাজধানী ঢাকায় তিনটি এবং ঢাকার বাইরে আটটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে কয়েকটি স্থানে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও রাজবাড়ীর মতো জায়গায় উত্তেজিত জনতার বাধায় ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাজধানী ঢাকার মিরপুরে দুটি ও দৈনিক বাংলা মোড়ে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া সাভার, ধামরাই, রাজবাড়ী, নেত্রকোনা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ইতিহাস পরিবহন -এর একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির আসনসহ ভেতরের অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকায় টিনশেড বিল্ডিংয়ের বিপরীতে রাস্তার পাশে পার্কিং করে রাখা কিশোরগঞ্জগামী চামড়া বন্দর এক্সপ্রেস পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৩-০৯২৪) আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।এর আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।অন্যদিকে, এর আগে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়কে এসআরবি-২ সদর দপ্তরের পাশে পুলিশের বিশেষ নিরাপত্তা ইউনিট এসপিবিএনের ওয়ার্কশপের সামনে রাখা দুটি অকেজো গাড়ির একটিতে অগ্নিসংযোগ করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।রাজনৈতিক উত্তেজনার জেরে শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে সিলেট-৩ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।তাঁর স্বজন ও স্থানীয় সূত্র জানায়, ১৫০ থেকে ২০০ জনের একটি দল বাড়িতে ঢুকে ড্রয়িংরুম ভাঙচুর করে এবং সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হামলাকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন ভোরে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার জেরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন। তিনি বলেন, বর্তমান সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলার প্রতিবাদে বিএনপি ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করলে তাতে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে সাবেক এমপির বাড়িতে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টা ৯ মিনিটে রাজবাড়ীর পাংশা উপজেলার মোরাত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। উত্তেজিত জনতার বাধার কারণে প্রথমে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছাতে পারেননি। পরে পুলিশের নিরাপত্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতায় রাত ১টা ২০ মিনিটে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান; যদিও তার আগেই স্থানীয়ভাবে আগুন নিভে যায়।এ ছাড়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাদে পুঁটিকি বাজারে একটি দোকানে এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর এলাকার মালঘর বাজারে সহিংসতার জেরে একটি দোকানে আগুন দেওয়া হয়। কুমিল্লার চৌদ্দগ্রামের দোয়েল চত্বর এলাকায় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হলে ফায়ার সার্ভিস গিয়ে তা নির্বাপণ করে। এর বাইরে সাভার ও ধামরাইয়েও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।একই রাতে দেশজুড়ে যানবাহন, সরকারি স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা জনমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।