মাঝরাতে রাজধানীর বিভিন্ন ছাপাখানা পরিদর্শন করে বিনামূল্যে বিতরণের জন্য ছাপা পাঠ্যবইয়ের গুণগত মান যাচাই করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সোমবার দিবাগত রাত ১২টার পর হঠাৎ করেই রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শনে যান মন্ত্রী।প্রেসগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স এবং ন্যাশনাল প্রিন্টার্স। এ সময় তিনি পাঠ্যবই ছাপার বিভিন্ন ধাপ, কাগজের মান, মুদ্রণের গুণগত মানসহ সংশ্লিষ্ট বিষয়গুলো সরেজমিনে দেখেন।মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য প্রতিবছর বিপুলসংখ্যক পাঠ্যবই ছাপানো হয়। এসব বইয়ের ছাপার মান, কাগজের গুণগত মান ও নির্ধারিত স্পেসিফিকেশন ঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
সম্প্রতি বিনামূল্যে বিতরণের পাঠ্যবইয়ের ছাপার মান নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়।এরই অংশ হিসেবে রাতের বেলায় ছাপাখানাগুলোতে আকস্মিক পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। পরিদর্শনের সময় তিনি বই ছাপার কাজে ব্যবহৃত কাগজ, মুদ্রণের মান এবং বইয়ের সামগ্রিক গুণগত মান সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান।মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ জন্য বই ছাপার ক্ষেত্রে নির্ধারিত মান ও শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির আওতায় রাখা প্রয়োজন।তারা আরও জানান, পাঠ্যবই ছাপার কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ এবং নির্ধারিত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হচ্ছে।মাঝরাতে শিক্ষামন্ত্রীর ছাপাখানা পরিদর্শনের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠ্যবইয়ের মান নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।