খুশির বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জামাতের সময় সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত হবে
সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে। এ ছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) পবিত্র ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে। এছাড়া মহানগরীর শতাধিক ঈদগাহে এবং দেড় হাজারের বেশি মসজিদে ঈদ জামাতের আয়োজন থাকবে ঈদের দিন সকালে।
ঈদের প্রধান জামাত আয়োজনের জন্য রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ৯টায় প্রতি বছর দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। বৃহস্পতিবার সকাল ৯টায় এই জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। ঈদের এই জামাতে যাতায়াতের সুবিধার জন্য বরাবরের মতই শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে জামাত সকাল সাড়ে ৮টায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনে কয়েক বছর ধরে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান। আয়োজকদের দাবি, প্রায় ২২ একর আয়তনের এ মাঠে পাঁচ থেকে ছয় লাখ মানুষ সেখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন। গোর-এ-শহীদ বড় ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে। ইমামতি করবেন দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।