→ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস→ রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করতে পারে এআই, বিশেষজ্ঞদের সতর্কবার্তা→ অস্থিরতা কাটিয়ে সচল পোশাকশিল্প→ পদ্মা সেতু রুটে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ→ আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
No icon

রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করতে পারে এআই, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠানগুলোর হাতে এমন কিছু বিস্ফোরক আবিষ্কার বা তথ্য রয়েছে, যা আগামী মাত্র কয়েক মাসের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাংক ও সরকারি সংস্থাগুলোর নিরাপত্তার মূল ভিত্তি তছনছ করে দিতে পারে। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বৈশ্বিক তথ্য সুরক্ষা বা এনক্রিপশন ব্যবস্থার মূলে থাকা দশকের পর দশক ধরে অমীমাংসিত গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে ফেলেছে এআই।খ্যাতনামা তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী স্কট অ্যারনসন জানিয়েছেন, বিশ্বজুড়ে গোপন তথ্য সংকেতায়িত (এনকোড) করার পদ্ধতির সঙ্গে জড়িত কয়েক দশকের পুরোনো গাণিতিক সমস্যা সমাধানে শক্তিশালী এআই মডেলগুলো অভাবনীয় সাফল্য পেয়েছে বলে সুপ্রতিষ্ঠিত গুঞ্জন রয়েছে। ঠিক কী আবিষ্কৃত হয়েছে তার ওপর নির্ভর করে হ্যাকার এবং আরও অনেকের হাতেই স্বল্প সময়ের মধ্যে বিশ্বের অতি গোপনীয় যোগাযোগ যেমন ব্যাংকিং লেনদেন, কূটনৈতিক বার্তা এবং ব্যক্তিগত ই-মেইল সহজেই পাঠোদ্ধার (ডিক্রিপ্ট) করার ক্ষমতা চলে আসতে পারে। এমনটি ঘটলে গোয়েন্দা সংস্থা, সরকার, ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অত্যন্ত আকস্মিকভাবে তাদের যোগাযোগের মূল ভিত্তি পরিবর্তন করতে হবে, অন্যথায় অতি সংবেদনশীল তথ্য ব্যাপকভাবে ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

গত কয়েক সপ্তাহে অগ্রণী এআই প্রতিষ্ঠানগুলো গণিতের বেশ কিছু যুগান্তকারী সাফল্যের ঘোষণা দেওয়ার পর অ্যারনসন ও অন্যান্য বিশেষজ্ঞদের মধ্যে এই উদ্বেগ দানা বেঁধেছে। এগুলোর বেশির ভাগই বিমূর্ত গাণিতিক অগ্রগতি হলেও বিশেষজ্ঞদের মতে, এটি প্রমাণ করে যে এমন সব সমস্যা সমাধানের সক্ষমতা এআই অর্জন করেছে যা অদূর ভবিষ্যতে সমাধান হবে না বলেই তারা ধরে নিয়েছিলেন।চলতি সপ্তাহের শুরুতে অ্যারনসন লিখেছিলেন, একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে আমি কার্যত নিশ্চিত হয়েছি যে, এআই ল্যাবগুলোর হাতে এখন ক্রিপ্টোগ্রাফি সংক্রান্ত এক বা একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক স্টিভেন মারডক এ প্রসঙ্গে বলেন, যারা ভাবতেন এআই কোনো আকর্ষণীয় গণিত করতে পারে না, এই পর্যায়ে এসে তারা নিশ্চিতভাবেই ভুল প্রমাণিত হয়েছেন এবং এর সীমা ঠিক কোথায় তা আর স্পষ্ট নয়।

শুক্রবার বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে গণিতবিদ মার্কাস ডু সোটয় বলেন, এই আবিষ্কারগুলোর সুদূরপ্রসারী প্রভাব কী এবং এনক্রিপশন ব্যবস্থার জন্য এর অর্থ কী দাঁড়াবে তা আমরা জানি না । তবে তিনি যোগ করেন, আমাদের সমস্ত ইলেকট্রনিক গোপনীয়তা রক্ষার মূলে যে সমস্যাটি রয়েছে, তা নিয়ে কেউ কথা বলছে না। কেন কেউ এ নিয়ে কথা বলছে না? আমাদের মধ্যে কেউ কেউ ভাবছেন হয়তো তারা ইতিমধ্যে এটির সমাধান করে ফেলেছেন এবং অবশ্যই এর প্রভাব এতটাই বিশাল হবে যে সবাই বিষয়টি চুপচাপ চেপে গেছেন।গত কয়েক বছর ধরে সরকার, ব্যাংক এবং গোয়েন্দা সংস্থাগুলো শক্তিশালী ডিক্রিপশনের সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর কারণ হলো কোয়ান্টাম কম্পিউটার তৈরি হলে তা এনক্রিপশনের ভিত্তি হিসেবে কাজ করা দশকের পর দশক পুরোনো অ্যালগরিদমগুলো ভেঙে ফেলতে সক্ষম হবে। তবে কোয়ান্টাম কম্পিউটারের সেই সক্ষমতা অর্জনের সময়সীমা এখনো কয়েক বছর দূরে, কয়েক সপ্তাহ বা মাসের ব্যাপার নয়।অধ্যাপক মারডক জানান, অনেক সরকার এবং প্রযুক্তিপ্রতিষ্ঠান কোয়ান্টাম কম্পিউটারের আক্রমণ প্রতিরোধী উচ্চতর এনক্রিপশন মানদণ্ডের দিকে এগোচ্ছে ঠিকই, তবে তা অত্যন্ত ধীরগতিতে। তিনি বলেন, এর লক্ষ্যমাত্রা ছিল ২০৩২ সালের দিকে, এবং সম্ভবত সেটিও মিস হতে যাচ্ছিল।

তবে অ্যারনসন, মারডক এবং অন্যান্য বিশেষজ্ঞরা এখন মনে করছেন, ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে বিশ্বের ধারণায় আকস্মিক অগ্রগতি ঘটতে পারে এবং তা খুব শিগগিরই সামনে আসতে পারে। এই আবিষ্কারগুলো ঠিক কী হতে পারে তা পুরোপুরি নিশ্চিত না হলেও তাদের ধারণা, এআই হয় এনক্রিপশন ভাঙার নতুন কোনো উপায় বের করেছে, নতুবা এর বিপরীতে প্রমাণ করেছে যে এমন কোনো সংক্ষিপ্ত পথের অস্তিত্ব নেই। এনক্রিপশনের পেছনের যে গণিত এতদিন পুরোপুরি বোঝা যায়নি, এআই মডেলগুলো তা বিশ্লেষণ করেই এই ফলাফলে পৌঁছেছে। এআই যদি এনক্রিপশন ভাঙার উপায় খুঁজে পেয়ে থাকে, তবে বিপুল পরিমাণ গোপন তথ্য উন্মুক্ত হয়ে যেতে পারে; আবার এটি এমনও প্রমাণ করতে পারে যে এই তথ্যগুলো আগের ধারণার চেয়েও বেশি সুরক্ষিত।বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন অ্যালগরিদমের ওপর ভিত্তি করে একাধিক ধরনের এনক্রিপশন ব্যবহৃত হয়, তাই ঠিক কী আবিষ্কৃত হয়েছে এবং কোন ব্যবস্থাগুলো এতে ক্ষতিগ্রস্ত হতে পারে তা নিয়ে নানা অনুমান চলছে। অ্যারনসন জানান, এনক্রিপশন সংক্রান্ত আবিষ্কার নিয়ে এআই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না এলেও বিষয়টি সম্পর্কে অবগত যে কেউ ধরে নিচ্ছেন যে এমন কিছু ঘটেছে।