প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে আয়োজিত সংলাপ এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা সংলাপে এককভাবে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুটি সংলাপেই ১১ দলীয় জোটের শরিক দলগুলোকে নিয়ে একসঙ্গে অংশ নিতে চায় দলটি। শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান ১১ দলীয় লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।তিনি বলেন, চলমান সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে সরকারের সংলাপের বিষয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন। এসব বিষয়ে আজকের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপকে অর্থবহ করতে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোকে নিয়ে একসঙ্গে বসতে চায় জোট। এ জন্য ১১ দলের পক্ষ থেকে আলাদা সময় বরাদ্দের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকা জাতীয় ঐক্যের সংলাপের বিষয়ে তিনি বলেন, গণভোটের গণ রায় বাস্তবায়নের দাবি ১১ দলের সম্মিলিত দাবি। তাই একক দল হিসেবে আমরা এ সংলাপে অংশগ্রহণ করতে চাই না। জাতীয় সংলাপে একসঙ্গে ১১ দলীয় ঐক্য অংশগ্রহণ করতে চায়।তিনি আরও বলেন, এ সংলাপ আগামী দিনে দেশের সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জাতি যে আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়নেও সংলাপ ভূমিকা রাখতে পারে।সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার যে অঙ্গীকার ছিল, সেখানে এখন বিভক্তি দেখা দিয়েছে। বিএনপি সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট আরও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, সংকট নিরসনের জায়গায় আমাদের সবার সহযোগিতা লাগবে, তবে মূল দায়িত্বটা সরকারের। এখানে সরকার কতটুকু আন্তরিক, আদৌ সরকার সংস্কার চায় কি না, চাইলে কীভাবে চায়, তা গুরুত্বপূর্ণ।
সংস্কারের প্রক্রিয়া সম্পর্কে জামায়াতের এই নেতা বলেন, সংস্কার কীভাবে হবে, সেই প্রক্রিয়া জনগণ গণভোটের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে। জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতেই সংস্কার করতে হবে। সাংবিধানিক সংস্কারের বিষয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। আর এ প্রক্রিয়া বাস্তবায়নে সংস্কার পরিষদ গঠন করতে হবে।হামিদুর রহমান আযাদ জানান, সরকার সংলাপের আয়োজন করার পর ১১ দলের শীর্ষ পর্যায়ে আলোচনা করে সংলাপের আলোচ্য বিষয়গুলো নির্ধারণ করা হবে।উল্লেখ্য, সম্প্রতি সহিংসতার মধ্যে সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের ভেতরের ও বাইরের সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে ঐক্যের আহ্বানের ধারাবাহিকতায় বিরোধী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। জামায়াতে ইসলামীসহ অন্য আরও দলের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় করার কথা রয়েছে।অন্যদিকে, এবার পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপিতে ভোট হবে। প্রথম ধাপে ভোট হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ ও ৩০ নভেম্বর এবং আগামী ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।