→ রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত→ সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী→ পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা→ টানা বৃষ্টিতে সাত জেলায় ফসলের ব্যাপক ক্ষতি→ রাজধানীতে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শিশুর মৃত্যু
No icon

রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার গভীর রাতে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে একটি দ্রুতগতির গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বার্তাসংস্থা এনডিটিভি।পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে শম্ভুপুরা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ সদস্য একটি ক্রুজার গাড়িতে করে খাতু শ্যামজির মন্দির দর্শন শেষে ফিরছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। প্রাথমিক ধারণা, গাড়ি চালানোর সময় চালকের ঘুম চলে আসায় দুর্ঘটনাটি ঘটতে পারে।নিহতদের মধ্যে রয়েছেন উষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবী।দুর্ঘটনায় আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে সিটি পুলিশ সুপার তেজস্বিনী গৌতম ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও উদ্ধারকারী দল গাড়ির ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতদের চিকিৎসায় হাসপাতালেও বিশেষ মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশি নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।

তিনি সংবাদমাধ্যম এএনআইকে বলেন, তারা খাতু শ্যামজি দর্শন শেষে মহারাষ্ট্রে ফিরছিলেন। সবাই একই পরিবারের সদস্য। এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের সুস্থ করে তোলা।নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।দুর্ঘটনায় বেঁচে যাওয়া পরিবারের এক সদস্য জানান, তারা তিনটি গাড়িতে মোট ৩৬ জন আত্মীয়স্বজন খাতু শ্যাম থেকে মধ্যপ্রদেশের ধার এলাকার দিকে যাচ্ছিলেন। পথে দুটি গাড়ি পেছনে পড়ে যায় এবং দুর্ঘটনায় পড়া গাড়িটি সামনে এগিয়ে যায়। পরে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান।তিনি বলেন, ‘আমরা খাতু শ্যাম থেকে ধারের দিকে যাচ্ছিলাম। আমাদের দুটি গাড়ি পেছনে ছিল, আর দুর্ঘটনায় পড়া গাড়িটি সামনে চলে যায়। পরে এক বোন ফোন করে দুর্ঘটনার কথা জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।’পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে যাত্রা শুরু করেছিলেন। পথে একটি হোটেলেও বিরতি নিয়েছিলেন তারা। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।