বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। ওমানের কুমজার উপকূল থেকে প্রায় আট নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে এ ঘটনা ঘটে।
ইউকেএমটিও জানিয়েছে, সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে অগ্নিকাণ্ডের বিষয়ে সতর্কবার্তা পাওয়ার পর ঘটনাটি নথিভুক্ত করা হয়েছে। তবে কী কারণে জাহাজে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ঘটনার পর ওই নৌপথ ব্যবহারকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। পাশাপাশি সন্দেহজনক কোনো তৎপরতা বা নিরাপত্তাজনিত ঘটনা দেখা দিলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই কৌশলগত জলপথে যেকোনো নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তথ্যসূত্র: গালফ নিউজ