ইরানের সঙ্গে আলোচনা করতে সোমবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদলএসএসসি-সমমান পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীবৈঠকে সিদ্ধান্ত না হলেও বাসের ভাড়া বাড়ছে প্রধানমন্ত্রী যাচ্ছেন আজ, অনেক প্রত্যাশা বগুড়াবাসীরএনসিপির সংবাদ সম্মেলন দুপুরে
No icon

যুদ্ধবিরতির পর আল-আকসায় ১ লাখ মুসল্লির প্রথম জুমার নামাজ

দীর্ঘ প্রতীক্ষার পর পবিত্র আল-আকসা মসজিদে আবারও সমবেত হলেন লাখো মুসল্লি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর মসজিদটি খুলে দেওয়ার প্রথম শুক্রবারেই এক লাখের বেশি মানুষ জুমার নামাজে অংশ নিয়েছেন। এএফপি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ইসলামি ওয়াক্ফের তথ্যমতে, শুক্রবারের নামাজে অংশ নিতে জেরুজালেমের পুরোনো শহরের আল-আকসা প্রাঙ্গণে মানুষের ঢল নামে। এএফপিটিভির সরাসরি সম্প্রচারে দেখা যায়, নামাজের সময় পুরো প্রাঙ্গণ মুসল্লিতে পরিপূর্ণ ছিল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাতের কারণে এই পবিত্র স্থানটি বন্ধ থাকায় এ বছর পবিত্র রমজান মাসেও মুসল্লিরা এখানে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ বিরতির পর এমন সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষ।

নামাজ শেষে ৩৯ বছর বয়সী শরিফ মোহাম্মদ বলেন, “জুমার নামাজ আমাদের জন্য ফরজ, কিন্তু ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসায় তা আদায় করার অনুভূতি একেবারেই আলাদা।” ৫৫ বছর বয়সী আহমাদ আম্মার এই মুহূর্তটিকে বর্ণনাতীত বলে অভিহিত করেন। অনেক মুসল্লি আশা প্রকাশ করেন যে, এই পবিত্র স্থানটি যেন আর কখনো বন্ধ করে দেওয়া না হয়।

বৃহস্পতিবার যুদ্ধবিরতির পর আল-আকসা মসজিদের পাশাপাশি ইহুদিদের জন্য 'ওয়েস্টার্ন ওয়াল' এবং খ্রিস্টানদের জন্য 'চার্চ অব দ্য হোলি সেপালখার' দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। জেরুজালেমের এই পুরোনো শহরটি মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের মানুষের কাছেই অত্যন্ত পবিত্র।

মসজিদ খুলে দেওয়া হলেও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য বয়স ও অনুমতি সংক্রান্ত কঠোর বিধিনিষেধ এখনো বহাল রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জারি করা জরুরি অবস্থার অধিকাংশ কড়াকড়ি তুলে নিলেও লেবানন সীমান্তবর্তী উত্তরাঞ্চলে এখনো কঠোর সতর্কতা জারি আছে। সেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত এখনো অব্যাহত।