নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ২০২৬ বিশ্বকাপের ভেন্যুতে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নেওয়া নিষিদ্ধ করেছে ফিফা। স্টেডিয়াম কোড অব কন্ডাক্টে শেষ মুহূর্তের পরিবর্তনের পর বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
আগের নিয়ম অনুযায়ী, দর্শকেরা খালি ও স্বচ্ছ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারতেন। তবে মঙ্গলবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না। পুনর্ব্যবহারযোগ্য বোতলের পাশাপাশি বোতল, কাপ, জার ও ক্যানের মতো বস্তু নিয়েও স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।
ফিফার ব্যাখ্যা, এমন বস্তু মাঠে বা গ্যালারিতে ছোড়া হলে খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও স্টাফদের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই সবার নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রয়টার্সকে দেওয়া বিবৃতিতে ফিফা জানিয়েছে, খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। বোতল নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্ভাব্য আঘাত ও ঝুঁকি এড়ানোর জন্য।