প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর কাছে শক্তিশালী ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সমুদ্রের তলদেশে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ২ জানানো হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তা কমিয়ে ৬ দশমিক ৯ নির্ধারণ করে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সমন্বিত বিশ্ব সময় (ইউটিসি) রাত ২টা ৩১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর সোলা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে, সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র প্রাথমিকভাবে সতর্ক করে জানিয়েছিল, উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে। ভানুয়াতুর এসপিরিতু সান্তো দ্বীপে প্রথম ঢেউ পৌঁছানোর সম্ভাব্য সময় জানানো হয়েছিল ইউটিসি রাত ৩টা ১ মিনিট।
তবে পরবর্তী মূল্যায়নে সুনামির ঝুঁকি কেটে গেছে বলে জানায় সতর্কতা কেন্দ্র। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার প্রকাশিত বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির হুমকি আর নেই।
ভূমিকম্পের পরপরই কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারিত ভূমিকম্পের মাত্রা ও অন্যান্য পরিমাপ পরবর্তী বিশ্লেষণে পরিবর্তিত হতে পারে।