→ প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা→ মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার→ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩→ জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭→ বিভেদ কমিয়ে জয়ের কৌশল বিএনপির
No icon

বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) লেনদেন শেষে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১১৬ ডলার ৭২ সেন্টে। সউদী আরবে হুতিদের হামলা এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলে তেল ছড়িয়ে পড়ার খবর বাজারে উদ্বেগ বাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৫৫ সেন্ট বা ৩ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। ২৯ এপ্রিলের পর এটিই ব্রেন্টের সর্বোচ্চ সমাপনী দাম। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ ডলার ৮০ সেন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ২৭ সেন্টে দাঁড়ায়। সপ্তাহজুড়ে ব্রেন্টের দাম বেড়েছে ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের ২ দশমিক ৩ শতাংশ। 

এলপিএল ফাইন্যান্সিয়ালের প্রধান কৌশলবিদ অ্যাডাম টার্নকুইস্ট বলেন, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সৌদি আরবের বিভিন্ন স্থানে, বিশেষ করে জ্বালানি অবকাঠামোয় হামলার পর সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুয়াইন উপকূলে একটি ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়। তবে তেল ছড়িয়ে পড়ার কারণ এবং সংশ্লিষ্ট জাহাজটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। জাহাজ চলাচল-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৯ অক্টোবর আমিরাতের আল জাজিরা এলাকার পশ্চিমে ‘জেম নম্বর ২’ নামের একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত বস্তুতে আঘাতপ্রাপ্ত হয়েছিল।

তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ কৌশলগত মজুত থেকে জ্বালানি ছাড়ার উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ লুইজিয়ানার একটি শোধনাগারে সরবরাহ সংকট মোকাবিলায় কৌশলগত মজুত থেকে সর্বোচ্চ ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিনিময়ের অনুমোদন দিয়েছে। জার্মানিও কৌশলগত মজুত থেকে ডিজেল, হিটিং অয়েল ও অপরিশোধিত তেল বিক্রির উদ্যোগ নিয়েছে।

এ ছাড়া লিবিয়ার দুটি তেলক্ষেত্র থেকে জাওইয়া বন্দরে তেল নেওয়ার পাইপলাইনের একটি ভালভ বন্ধ থাকায় দেশটির উৎপাদন কমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিজেলের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে রাশিয়া থেকে ডিজেলবাহী একটি জাহাজ নিউইয়র্কের দিকে যাচ্ছে। তথ্যসূত্র: রয়টার্স