দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ, আন্দোলন, কর্মবিরতি ও উৎপাদন ব্যাঘাতের পর অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের তৈরি পোশাকশিল্প। নতুন ন্যূনতম মজুরিকাঠামো ঘোষণার পর তিন দিনের ছুটি শেষে গতকাল শনিবার সকাল থেকে সাভার-আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। সচল হয়েছে উৎপাদন লাইন, ফিরেছে কর্মচাঞ্চল্য। কোথাও কোথাও নতুন মজুরিকাঠামোকে স্বাগত জানিয়ে শ্রমিকদের আনন্দ মিছিলও হয়েছে। তবে অস্থিরতা পুরোপুরি কাটেনি। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় সাভার-আশুলিয়ায় ১২টি এবং গাজীপুরে ৩৫টি কারখানা বন্ধ রয়েছে। অন্যদিকে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর করতে গিয়ে বাড়তি উৎপাদন ব্যয়ের চাপে পড়তে যাচ্ছেন উদ্যোক্তারা। আন্তর্জাতিক বাজারে পোশাকের ন্যায্যমূল্য না পাওয়া এবং প্রতিযোগিতায় টিকে থাকার চাপ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। ফলে শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে আপাত স্বস্তি ফিরলেও শিল্পের স্থিতিশীলতা ধরে রাখা এবং নতুন মজুরিকাঠামো বাস্তবায়নই এখন মালিক-শ্রমিক উভয়পক্ষের সামনে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নতুন মজুরিকাঠামো অনুযায়ী, পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর মজুরি বোর্ডের ভোটে এ সিদ্ধান্ত আসে। যদিও শ্রমিক প্রতিনিধিদের একাংশের প্রত্যাশা ছিল আরও বেশি। সর্বশেষ শ্রমিকপক্ষের প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়ে কম মজুরি নির্ধারিত হলেও নতুন সিদ্ধান্তের পর শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পে স্বাভাবিক পরিবেশ ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।শিল্পপুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সাভার-আশুলিয়ায় অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও শ্রমিক অসন্তোষের আশঙ্কায় ১২টি কারখানা বাংলাদেশ শ্রমআইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলো হলো সাবিহা অ্যাপারেলস, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, ফুটস্টেপস বাংলাদেশ, সিআইপিএল, প্রীতি কম্পোজিট টেক্সটাইল, ম্যাক্সকম ইন্টারন্যাশনাল, বেক নিটওয়্যার, জিন্স ম্যানুফ্যাকচার, তাম্মাম ডিজাইন, হেসং কোরিয়া ও পাইওনিয়ার অ্যাপারেলস। আইন অনুযায়ী, এ ধারায় বন্ধের সময়ের জন্য শ্রমিকরা মজুরি পাবেন না। এ ছাড়া অসন্তোষের আশঙ্কায় গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস ও সিনহা ট্রেন্ডি নিটওয়্যারে সাধারণ ছুটি ঘোষণা
করা হয়েছে।
শিল্পপুলিশ-১-এর পরিচালক মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। অধিকাংশ কারখানায় স্বাভাবিক পরিবেশে উৎপাদন চলছে। শ্রমিকদের উপস্থিতিও সন্তোষজনক।অন্যদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা, মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ, সালনা, টঙ্গী, নাওজোর ও শ্রীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে সকাল থেকেই শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেখা গেছে। অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। নতুন করে বড় ধরনের বিক্ষোভ বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি।গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা বাদে অন্য প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম চলছে। শনিবার সকালে বাংলাবাজারে একটি বন্ধ কারখানার শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলেও তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। শিল্পাঞ্চলে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।শ্রমিকদের স্বস্তি, আছে বাস্তবতার চাপ : কাজে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকরাও। কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানার সিনিয়র অপারেটর মো. রফিকুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। সরকার নতুন মজুরি ঘোষণা করায় তারা সন্তুষ্ট। এখন কারখানার উৎপাদন স্বাভাবিক রাখাই তাদের লক্ষ্য। কারখানা বাঁচলে শ্রমিকরাও বাঁচবেন।
ভোগড়া বাইপাস এলাকার একটি কারখানার সুইং অপারেটর সালমা আক্তার বলেন, কয়েক সপ্তাহ কাজ বন্ধ থাকায় ওভারটাইম হয়নি। এতে সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে। নতুন মজুরিকাঠামো কার্যকর হলে কিছুটা স্বস্তি মিলবে। তাই তারা শান্তিপূর্ণ পরিবেশে নিয়মিত কাজ করতে চান।শুক্রবার গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি ও সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় নতুন মজুরিকাঠামোকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেন শ্রমিকরা। একই দিন বাংলাদেশ পোশাকশ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে বোর্ডবাজার এলাকায় প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও মজুরি বোর্ডকে অভিনন্দন জানিয়ে মিছিল বের করা হয়। এসব কর্মসূচি থেকে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।তবে শ্রমিক নেতারা বলছেন, ঘোষিত মজুরি বৃদ্ধি ইতিবাচক হলেও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় তা এখনও পর্যাপ্ত নয়। বাংলাদেশ অ্যাপারেলস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান বলেন, সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা হলে শ্রমিকদের জন্য আরও স্বস্তিদায়ক হতো। মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারও মনে করেন, শ্রমিকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। আরও সময় নিয়ে বিশ্লেষণ করলে ভালো সিদ্ধান্ত আসতে পারত। তবে নতুন সিদ্ধান্তের পর শিল্পে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।