নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। সংস্থাটির মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, শুক্রবার (২০ নভেম্বর) দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে এক এলাকা থেকে অন্য এলাকায় শেষকৃত্যে অংশ নিতে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।
নিখোঁজ ব্যক্তির সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারেননি মানজো এজেকি। তবে দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে শুক্রবার পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানিয়েছিলেন, দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য জানায়নি। মুসা মোহাম্মদ বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। যাত্রীরা নৌকার চালককে তীরের দিকে যাওয়ার অনুরোধ করলেও তিনি তা শোনেননি বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে নৌকাটির ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় বায়েলসা রাজ্য সরকার নৌচালক ও যাত্রীদের নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া নৌযাত্রা বন্ধ করতে হবে। কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয় বলেও মন্তব্য করেন তিনি।
নাইজেরিয়ায় নৌ দুর্ঘটনা প্রায়ই ঘটে। নিরাপত্তাবিধির যথাযথ প্রয়োগ না থাকায় দেশটিতে ত্রুটিপূর্ণ নৌযান চলাচল এবং যাত্রীদের লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণের ঘটনা দেখা যায়।