NEWSTV24
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৬:৫৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি অভিযানে ১৫ জন নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, প্রথম অভিযানে পাঁচজন এবং দ্বিতীয় অভিযানে ১০ জন নিহত হন। তাঁদের সন্ত্রাসী বলে দাবি করেছে নিরাপত্তা সূত্র।

প্রতিবেদনে বলা হয়, মাস্তুংয়ের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীদের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সূত্র। নিরাপত্তা বাহিনীর সূত্র আরও জানায়, কিল্লি পাসান খান, মুসা খান, খোরাসানি ও কাফতারি এলাকা সন্ত্রাসীমুক্ত করা হয়েছে। বেলুচিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে সূত্রগুলো। শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র ছিল এই দুই প্রদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া। প্রতিবেদন অনুযায়ী, ওই প্রান্তিকে পাকিস্তানে সহিংসতাসংশ্লিষ্ট মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশ ঘটেছে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে। নিহতদের মধ্যে ৬১ শতাংশের বেশি, অর্থাৎ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখাওয়ায়। অন্যদিকে বেলুচিস্তানে নিহত হয়েছেন ২৬৫ জন, যা মোট প্রাণহানির ৩৪ শতাংশ।