ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি মিষ্টির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৩৯ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
রোববার (২২ নভেম্বর) উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। শনিবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেরং জেলার ‘ফোনুসা আগুং মুলিয়া’ কারখানায় আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো জানান, এখন পর্যন্ত ৩৯ জনের সন্ধান পাওয়া যায়নি। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, মিষ্টান্ন ও চিনিজাত পণ্য প্রস্তুতকারী কারখানাটির বিভিন্ন অংশে আগুন জ্বলছে। এ সময় ভবনটির ছাদের একাংশ ধসে পড়তেও দেখা যায়। রোববারও কারখানার কিছু অংশে আগুন জ্বলছিল। এতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে।
রিজকি দ্বিয়ান্তো বলেন, যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।এদিকে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রোববার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।