ইরানের সম্ভাব্য হামলার হুমকির মুখে নিরাপত্তার কারণে নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। গত কয়েক দিন ধরে তিনি সেখানে থাকছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তাঁর বাসভবনের অবস্থান প্রকাশ্যে চলে আসার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
ওয়াশিংটন ডিসির জর্জটাউন এলাকায় বেসেন্টের ব্যক্তিগত বাসভবন। ২০২৫ সালের জানুয়ারিতে ১ কোটি ২৫ লাখ ডলারে বিলাসবহুল বাড়িটি কেনেন তিনি। সে সময় মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) বাড়িটির ওপর থেকে তোলা একটি ছবিও প্রকাশ করে।নিরাপত্তা সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই ছবি প্রকাশের পর বেসেন্টের বাড়ির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়, ইরান তাঁর বাসভবনের অবস্থান শনাক্ত করেছে।
এরপর নিরাপত্তার স্বার্থে তাঁকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। গত ১৩ নভেম্বর সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট নিজেই সামরিক ঘাঁটিতে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সিক্রেট সার্ভিসের নির্দেশনা অনুসরণ করেই তিনি বাসভবন ছেড়েছেন।
বেসেন্ট বলেন, ইরানের হুমকিতে তিনি ভীত নন। তবে নিজের বাসভবনের অবস্থান শনাক্ত করা যায়—এমন ছবি প্রকাশের জন্য ওয়াল স্ট্রিট জার্নালের সমালোচনা করেন তিনি।কত দিন ধরে এবং কোন সামরিক ঘাঁটিতে বেসেন্ট অবস্থান করছেন, তা প্রকাশ করা হয়নি। তবে ২০ নভেম্বর সিএনবিসিকে দেওয়া আরেক সাক্ষাৎকারেও তিনি সামরিক ঘাঁটিতে থাকার বিষয়টি নিশ্চিত করেন।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। গত আগস্টে শুরু হওয়া এ অভিযানের লক্ষ্য নিষেধাজ্ঞা ও আর্থিক ব্যবস্থার মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানো এবং দেশটির আন্তর্জাতিক আর্থিক যোগাযোগ সীমিত করা।মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র সিএনবিসিকে বলেছেন, ইরানি শাসকদের হুমকিতে বেসেন্ট পিছু হটবেন না। তিনি অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি বাস্তবায়ন এবং ইরানের বিরুদ্ধে অবরোধ বজায় রাখার বিষয়ে অবিচল রয়েছেন।এদিকে ইরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে। তথ্যসূত্র: রয়টার্স, আল-জাজিরা