NEWSTV24
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব, দেশে বৃষ্টি হবে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ০৮:১৪ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিস্তার ঘটতে পারে। আগামী শনিবার দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৮০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১১ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার থেকে বরিশাল ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।