NEWSTV24
ডেটা সেন্টার বিশ্বের সমুদ্রতলের ডেটা সেন্টার-সংক্রান্ত পেটেন্টের ৮০% চীনের
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৩:২৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

২০০৬ থেকে ২০২৬ সালের মধ্যে বিশ্বজুড়ে দাখিল করা ১শ’ ৬৮টি পানির নিচের ডেটা সেন্টার-সংক্রান্ত পেটেন্টের প্রায় ৮০ শতাংশই চীনের, এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক একটি গবেণষায়।এই মাসের শুরুতে চীনা ভাষার জার্নাল অব মেরিন ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন-এ প্রকাশিত গবেষণার ফলাফল বলছে, পরিবেশবান্ধব কম্পিউটিং অবকাঠামো তৈরির প্রতিযোগিতায় পরিবর্তন আসছে, যেখানে চীনের ক্রমবর্ধমান অগ্রগতির ইঙ্গিত মিলেছে। গবেষণাটি করেছেন চীনের তিয়ানজিনে অবস্থিত পেটেন্ট এক্সামিনেশন কো-অপারেশন সেন্টার এবং ন্যাশনাল মেরিন ডেটা অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের গবেষকেরা। তারা লিখেছেন, “মডিউলার নির্মাণ ও সরেজমিনে রক্ষণাবেক্ষণের মতো প্রকৌশলনির্ভর প্রযুক্তিতে চীনের প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে। অন্যদিকে, বিদেশের গবেষণা ও উন্নয়নে পরিবেশবান্ধব নকশা এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে নেটওয়ার্ক সংযোগের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।”

২০১৪ সালের আগে আমেরিকা, নরওয়ে ও কানাডার সামুদ্রিক প্রকৌশল প্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থাগুলো চাপ-সহনশীল ক্যাপসুল ও পানির নিচের ভিত্তি নিয়ে প্রাথমিক কাজের নেতৃত্ব দিয়েছিল। তখন বছরে তিনটিরও কম পেটেন্ট আবেদন জমা পড়ত। ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে গবেষণার মনোযোগ ক্রমেই সমুদ্রতলের ক্যাপসুলের নকশা, তাপ নিয়ন্ত্রণ ও বিদ্যুৎব্যবস্থার দিকে সরে যায়। ধারণাটির কার্যকারিতা প্রমাণের বদলে নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদি পরিচালনা নিশ্চিত করাই তখন মূল লক্ষ্য হয়ে ওঠে।

২০২১ সাল থেকেই এই সংক্রান্ত পেটেন্ট বৃদ্ধির প্রধান উৎস চীন। চীনের পেটেন্ট আবেদনে মডিউলার ক্লাস্টার, স্থাপনাস্থলে রক্ষণাবেক্ষণ, একাধিক জ্বালানি উৎসের সমন্বয় এবং স্বয়ংক্রিয় পরিচালনার ওপর জোর দেওয়া হয়েছে। গবেষকদের মতে, চীন বিচ্ছিন্ন পরীক্ষার পর্যায় পেরিয়ে এই ক্ষেত্রটি এখন সমন্বিত ব্যবস্থা ও বাণিজ্যিক প্রকৌশলের দিকে এগোচ্ছে। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, যার পেটেন্টের সংখ্যা ১৭। সেগুলোর বেশির ভাগই ডেটা পড স্থাপন ও কাঠামোগত সরঞ্জাম নিয়ে।

আমেরিকার রয়েছে আটটি পেটেন্ট, যার বিষয় ব্যবস্থা নকশা, বিদ্যুৎ সরবরাহ ও স্থানীয়ভাবে ডেটা প্রক্রিয়াকরণ। নরওয়ে ও যুক্তরাজ্যের মোট ছয়টি পেটেন্ট রয়েছে; সেগুলো সমুদ্রতলের উৎপাদন নিয়ন্ত্রণ, বিদ্যুৎ এবং স্বয়ংক্রিয় রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত। গবেষণায় বলা হয়েছে, যেখানে স্থলভিত্তিক ডেটা সেন্টারগুলো বিশ্বের মোট বিদ্যুতের সর্বোচ্চ ৩ শতাংশ ব্যবহার করে; এর প্রায় এক-তৃতীয়াংশ লাগে শীতাতপ নিয়ন্ত্রণে, সেখানে পানির নিচের স্থাপনাগুলো তাপ অপসারণে সমুদ্রের পানি ব্যবহার করে। এতে শীতলীকরণে বিদ্যুৎ ও পানির ব্যবহার কমতে পারে, আর দুষ্প্রাপ্য জমির ওপর নির্ভরতা এড়ানো যায়।

২০১৮ সাল থেকে দুই বছর স্কটল্যান্ডের উপকূলের বাইরে সার্ভার স্থাপন করা মাইক্রোসফটের ‘প্রজেক্ট নাটিক’-এ স্থলভিত্তিক তুলনামূলক দলের চেয়ে আট ভাগের এক ভাগ ত্রুটির হার রেকর্ড হয়েছিল বলে জানা গেছে। গবেষকদের ধারণা, চীনের এই শিল্প উপকূলের কাছের স্থান থেকে গভীর সমুদ্রে বিস্তৃত হবে এবং বৃহত্তর সামুদ্রিক অবকাঠামোর অংশ হয়ে উঠবে। গবেষণার অগ্রাধিকারের মধ্যে তাঁরা সমুদ্রের ওপর স্থাপিত বায়ুবিদ্যুতের সঙ্গে সংযোগ এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত প্রভাব মূল্যায়নের কথা উল্লেখ করেছেন।