যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক হামলায় ইরানের সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দেশটির হাতে এখনো আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। নতুন করে সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের।
এই মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে, যেখানে তিনি বলেছিলেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যার এই হিসাবের বিষয়ে তাঁদের আস্থার মাত্রা কম। কারণ, কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে নিক্ষেপের উপযোগী আর কতগুলো মজুত অবস্থায় রয়েছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের আগের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মজুত পুনর্গঠনের গতি ধীর। তবে দেশটির হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। ফলে আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা এখনো বজায় রেখেছে ইরান।
ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে বিভিন্ন আঞ্চলিক মূল্যায়নে সংখ্যাগত পার্থক্য রয়েছে।মধ্যপ্রাচ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বলেন, ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে সর্বনিম্ন হিসাবটিও সঠিক হলে যুদ্ধের আগের তুলনায় ইরান তার ক্ষেপণাস্ত্র ভান্ডারের অর্ধেকেরও বেশি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতা সামনে এসেছে। fএদিকে তেহরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু না করে আপাতত নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। অন্যদিকে, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্রদেশগুলো নতুন করে সংঘাত শুরু না করার বিষয়ে সতর্ক করেছে। তবে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান ধরে রেখেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি