NEWSTV24
২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ০৯:২৫ পূর্বাহ্ন

NEWSTV24

টানা দুই সপ্তাহ ধরে ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। গতকাল বৃহস্পতিবারও অনেক কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে কাজ না করে বেরিয়ে যান। কর্তৃপক্ষের নানা চেষ্টা সত্ত্বেও তাদের কাজে ফেরানো যায়নি। এ পরিস্থিতিতে ২০৪টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।এর মধ্যে ৯টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ধারায় বলা আছে কাজ নেই তো বেতন নেই , অর্থাৎ যতদিন কারখানা বন্ধ থাকবে, ততদিনের মজুরি পাবেন না শ্রমিকরা। ছুটি ঘোষণা করা ২০৪ কারখানার মধ্যে সর্বাধিক ১৩৭টিই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের।পরিস্থিতির উন্নতি না হলে রোববার থেকে ১৩(১) ধারায় পোশাক কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিতে পারেন অনেক মালিক। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে। পরিস্থিতি বিশ্লেষণ করে সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে শ্রমিক অসন্তোষে জড়িত নয় এমন শিল্প গ্রুপের জব্দ করা ব্যাংক হিসাব খুলে দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান গতকাল বলেন, দুই সপ্তাহ ধরে কারখানা বন্ধ থাকায় মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা ১৩(১) ধারায় কারখানা বন্ধ করতে চান। পরিস্থিতির উন্নতি না হলে হয়তো সেদিকেই যেতে হবে। গত দুদিনে বেশ কিছু কারখানা এই ধারায় নিজেদের উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।বিজিএমইএর সভাপতি বলেন, পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনেক ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, সেসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলে দিতে সরকারের শীর্ষ পর্যায়ে অনুরোধ করেছেন তারা। এরই মধ্যে কয়েকটি কারখানার ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে।

তৈরি পোশাক খাতে শ্রমিক আন্দোলনে ইন্ধন ও অর্থায়নের অভিযোগে এনবিআর দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ এবং লেনদেনের তথ্য তলবের উদ্যোগ নেয়। এর মধ্যে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। যেসব কারখানায় শ্রমিকরা কাজ করছেন না, সেগুলো ১৩(১) ধারায় বন্ধ ঘোষণার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মালিকরা। তাদের মতে, দুই সপ্তাহ ধরে শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়ে বেরিয়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।শ্রম আইন অনুযায়ী, প্রতি মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যে পোশাক শ্রমিকদের মজুরি পরিশোধ করতে হয়। সপ্তাহের শুরুতে বা কোনো কোনো মাসে সপ্তাহের শেষ দিন ছুটি থাকায় কারখানাগুলোতে ৮ থেকে ১০ তারিখের মধ্যে মজুরি দেওয়া হয়।শ্রম অসন্তোষে ছুটি ঘোষণা করা কারখানার তালিকা বিশ্লেষণে দেখা যায়, অক্টোবরের বেতন দেওয়ার সময় অসন্তোষ কমে আসে। তবে বেতন পাওয়ার পর তা আবার বাড়তে থাকে। গত ৩১ অক্টোবর থেকে বিভিন্ন কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। সেদিন বন্ধ কারখানার সংখ্যা ছিল ১৪৪। ২ নভেম্বর সর্বোচ্চ ৬৮৯টি কারখানা বন্ধ ছিল। ৮ নভেম্বর ছুটি ঘোষণা করা হয় ২০টি কারখানায়। পরদিন ৯ নভেম্বর এ সংখ্যা কমে ৫-এ দাঁড়ায়। তবে ১০ নভেম্বর থেকে আবার অসন্তোষ বাড়তে থাকে। সেদিন বন্ধ হয় ১৪৬টি কারখানা। ১১ নভেম্বর বন্ধ ছিল ১৮২টি। গতকাল বৃহস্পতিবার এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০৪-এ।

সাভার ও আশুলিয়া পুরোপুরি শান্ত হয়নি

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি গতকালও স্বাভাবিক হয়নি। সকালে জামগড়া ও নরসিংহপুর এলাকার অন্তত ১৬টি কারখানার শ্রমিকরা হাজিরা কার্ড পাঞ্চ করে কাজ না করেই বেরিয়ে যান। তাদের মধ্যে কিছু শ্রমিক আশপাশের গলিতে অবস্থান নিয়ে কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় তাহারাত কম্পোজিট লিমিটেড কারখানায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। শিল্প পুলিশের ভাষ্য, বহিরাগত আন্দোলনকারীরা কারখানা কর্তৃপক্ষকে জোর করে ছুটি ঘোষণার জন্য চাপ দেন। একপর্যায়ে তারা কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কারখানার কোয়ালিটি বিভাগের জুনিয়র কিউআই মো. সজীব হাসান মাথায় আঘাত পান। পরে তাঁকে স্থানীয় সিটি হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার আশপাশ ও বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও ছিল।আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের বাইরে থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে & আমরা কাজ করছি না, তোমরা কেন কাজ করছ এমন বার্তা ছড়িয়ে শ্রমিকদের কাজে বাধা দেওয়ার চেষ্টা চলছে। এসব দেখে কোনো কারণ ছাড়াই অনেক শ্রমিক কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন। আবার যারা ওভারটাইম করছেন, তাদের ওপর বাইরে থেকে এসে হামলার ঘটনাও ঘটেছে। সিসি ক্যামেরা ও সোর্সের মাধ্যমে তথ্য নিয়ে হামলা ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে।

শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার জিরাবো এলাকায় অরুণিমা গ্রুপের অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশিং লিমিটেড গতকাল বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই ধারায় সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডও বন্ধ ঘোষণা করা হয়।এর আগে ১০ নভেম্বর থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ গ্রুপের তিন প্রতিষ্ঠান নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড ও কাইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়।