NEWSTV24
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ০৯:১৬ পূর্বাহ্ন

NEWSTV24

সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি আরামকোর একটি স্থাপনা, খামিস মুশাইত বিমানঘাঁটি এবং ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের বিরুদ্ধে চালানো সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার অংশ হিসেবে এসব স্থাপনায় আঘাত হানা হয়েছে বলে দাবি তাদের। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।তবে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আরও একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সংক্ষিপ্ত এক পোস্টে এ তথ্য জানান। গত কয়েক ঘণ্টায় এটি ধ্বংস করার ঘোষণা দেওয়া তৃতীয় ড্রোন।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ভবিষ্যতে কোনো হামলা হলে আগের হামলার তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের পাল্টা জবাব হবে আগের তুলনায় ‘১০ গুণ বেশি কঠোর।

অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন চিকিৎসক ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি।এ ছাড়া আজ ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় দুটি সুপারট্যাংকারে বড় ধরনের বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। আইআরজিসির ভাষ্য, জাহাজ দুটি অনুমোদনহীন পথ ব্যবহার করছিল। তবে জাহাজগুলোর পরিচয়, বিস্ফোরণের কারণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।