NEWSTV24
সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ০৯:১২ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে চলতি বছরের প্রথম নয় মাসে ২৪টি মুনাফা করলেও লোকসানে রয়েছে সাতটি। লোকসানে নিমজ্জিত সাত ব্যাংক জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে সম্মিলিতভাবে লোকসান করেছে ১৫ হাজার ২৫১ কোটি টাকা।অন্যদিকে মুনাফা করা ২৪ ব্যাংকের সম্মিলিত মুনাফা হয়েছে ৯ হাজার ৪৫৩ কোটি টাকা। ফলে তালিকাভুক্ত ব্যাংকগুলোর সম্মিলিত মুনাফার চেয়ে লোকসান বেশি ৫ হাজার ৭৯৮ কোটি টাকা।সামগ্রিকভাবে ব্যাংক খাতে লোকসানের পাল্লা ভারী হলেও কয়েকটি ব্যাংক বড় মুনাফা করেছে। একদিকে বড় মুনাফা অন্যদিকে বড় লোকসান- ব্যাংকগুলোর এই বৈপরীত্যের পেছনে খেলাপি ঋণ এবং আমানতকারীদের আস্থার বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।তারা বলছেন, যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেশি, সেগুলোর প্রতি মানুষের আস্থা কমেছে। ফলে আমানতও ভালো ব্যাংকগুলোর দিকে স্থানান্তরিত হচ্ছে। এতে ভালো ব্যাংকগুলো আরও ভালো করছে।

বিশ্লেষকরা আরও বলছেন, ব্যাংকগুলোর মুনাফা দিয়ে পুরো ব্যাংক খাতের প্রকৃত অবস্থা বোঝা যাবে না। কারণ ব্যাংক খাতের সাফল্য শুধু মুনাফা দিয়ে বিচার করা উচিত নয়, বরং সঞ্চয় সংগ্রহ, উৎপাদনশীল খাতে অর্থায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকগুলোর অবদানও দেখতে হবে। কিন্তু ভালো ব্যাংকগুলোর মুনাফার বড় অংশ আসছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে। ফলে মূল যে ব্যাংকিং সেটা হচ্ছে না। এটি দেশের অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়।ব্যাংকগুলোর প্রকাশিত আর্থিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, লোকসানের তালিকায় সবচেয়ে ওপরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এরপর রয়েছে ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। অন্যদিকে মুনাফার দিক থেকে এগিয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও প্রাইম ব্যাংক।

লোকসানে ইসলামী, ন্যাশনাল ও এবি ব্যাংক

তথ্য অনুযায়ী, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৪১ পয়সা। ব্যাংকটির শেয়ারসংখ্যা বিবেচনায় মোট লোকসানের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ২৮৬ কোটি টাকা। অথচ ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ৬২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির আর্থিক ফলাফলে বড় অবনতি হয়েছে।ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৩৭ পয়সা। ফলে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৭ কোটি টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ব্যাংকটির লোকসানের পরিমাণ বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।বড় লোকসানের মধ্যে রয়েছে এবি ব্যাংকও। এই প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৪৬ পয়সা। ফলে মোট লোকসান দাঁড়িয়েছে ২ হাজার ৮১৮ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৪ টাকা ৬১ পয়সা। অর্থাৎ বড় লোকসানের মধ্যে থাকলেও আগের বছরের তুলনায় তা কিছুটা কমেছে।