NEWSTV24
শহীদ নূর হোসেন দিবস আজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ০৮:২৭ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

ঐতিহাসিক ১০ নভেম্বর আজ। শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের আজকের দিনটিতে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন। বুকে-পিঠে গণতন্ত্র মুক্তি পাক/স্বৈরাচার নিপাত যাক লিখে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ তাঁকে গুলি করে। এরপর থেকে দিনটি গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পালিত হয়ে আসছে।অন্যদিকে জাতীয় পার্টি দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করবে। ১৯৮৬ সালের ১০ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা স্মরণে প্রতি বছর দিবসটি পালন করছে তারা।১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন ছাড়াও যুবলীগের আরেক নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। নূর হোসেনের এই আত্মদান স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে নতুন মাত্রা যোগ করে। এর ধারাবাহিকতায় আন্দোলন আরও বেগবান হয়। অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

দিনটি উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠন আজ মঙ্গলবার সকালে গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকেল ৪টায় তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা শীর্ষক আলোচনা সভা করবে। শহীদ নূর হোসেন-আমিনুল হুদা টিটো দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও এর গণসংগঠনগুলো সকাল ৮টায় রাজধানীর শহীদ নূর হোসেন স্কয়ার এবং পরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করবে।সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন রেজা ও সাধারণ সম্পাদক অর্ণব সরকার পৃথক বিবৃতিতে নূর হোসেনসহ স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।