NEWSTV24
খাগড়াছড়ি ও ধামরাইয়ে তিন বাসে আগুন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

ঢাকার ধামরাই ও খাগড়াছড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গতকাল শনিবার ভোররাত পর্যন্ত ২৬ ঘণ্টায় তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাগুলো তদন্ত করছে। ধামরাইয়ে পরপর দুই রাতে দুটি বাসে এবং খাগড়াছড়িতে গতকাল ভোররাতে বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডের সময় চালক বাসে ঘুমাচ্ছিলেন। ঘুম ভেঙে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।এদিকে রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রোস্টেশনের নিচে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, সড়কের পাশে বাসটি দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে জানালা দিয়ে বাসের ভেতরে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আগুন নেভানো হয়। তবে দুটি আসন পুড়ে গেছে। বাসে যাত্রী ছিল না।ধামরাইয়ের ঘটনায় খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাত ২টা ২৬ মিনিটে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির মালিক ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে ধামরাই থানা রোডে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মেরামতের জন্য রাখা পাভেল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সোয়া ৩টার দিকে আগুন নেভায়।ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ঘটনাগুলো নাশকতা, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে খাগড়াছড়িতে গতকাল ভোর ৪টার দিকে বিআরটিসির একটি বাসে আগুন লাগে। এতে পুরো বাস পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা পৌঁছানোর আগেই বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে ফোনে বাসে আগুন লাগার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে বাসটি পুড়ে যেতে দেখেন।খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, বাসের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। এটি নাশকতা কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা করা হবে।