NEWSTV24
এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন শুরু
সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ০৯:৪০ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

< উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন রোববার থেকে শুরু হয়েছে; যা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী, উত্তরপত্র চ্যালেঞ্জের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করতে হবে। ম্যানুয়ালি বা সরাসরি বোর্ডে গিয়ে কোনো আবেদন জমা দেওয়া যাবে না।

আবেদনের জন্য বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। তারপর ক্লিক করতে হবে সাবমিট বাটনে।পরবর্তী ধাপে একটি কার্যকর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস পাঠানো হবে।মোবাইল নম্বর দেওয়ার পর পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে।প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দুইপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি-এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, রকেট, উপায়, সোনালী সেবা-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো উপরে উল্লেখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে।

ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। ফি দিয়ে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে & মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনও ফি দেওয়া হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে শনিবার। এতে অকৃতকার্য শীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ লাখের কাছাকাছি।