অতিপ্রবল ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার দুই দিনের মাথায় বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় নতুন করে লঘুচাপ সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সৃষ্টি হওয়া এই লঘুচাপ আরও ঘনীভূত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা কমারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে অতিপ্রবল ঘূর্ণিঝড় অর্ণব। এর প্রভাবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। রাজশাহীতে সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে আগের কয়েক দিনের তুলনায় তাপমাত্রাও কিছুটা কম ছিল।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ ওমর ফারুক সমকালকে বলেন, আজ শনিবার থেকে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রবি ও সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে। পরে বর্ধিত দিনগুলোতে তাপমাত্রা আরও কমার আভাস রয়েছে। মূলত আগামী ৪ থেকে ৫ নভেম্বরের দিকে তাপমাত্রা কমতে শুরু করলে রাত ও ভোরের দিকে শীত অনুভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী বা ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।আজ শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আগামীকাল রোববার খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।সোমবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।মঙ্গলবার সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষভাগে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।