NEWSTV24
Sharmin Zoha Shoshee বয়স কম দেখানোর গোপন কারণ জানালেন অভিনেত্রী টুনি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৯:২০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

জহির রায়হানের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হাজার বছর ধরে’ সিনেমার টুনি চরিত্রটির কথা দর্শকের মনে এখনো উজ্জ্বল। ২০০৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান ঢালিউড অভিনেত্রী শারমিন জোহা শশী। দুই দশকের বেশি সময় ধরে অভিনয়জগতে থাকলেও টুনি চরিত্রের সেই পরিচিতি আজও তাঁর ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়।

কোহিনুর আক্তার সুচন্দা পরিচালিত ও প্রযোজিত সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছিল। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হানের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি বাংলাদেশের চলচ্চিত্রে বিশেষ স্থান দখল করে আছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় শারমিন জোহা শশী। নিয়মিতই নিজের ব্যক্তিগত মুহূর্ত, অভিনীত কাজ এবং জীবন নিয়ে নানা ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশের পাশাপাশি ইতিবাচক থাকা, নিজেকে ভালোবাসা ও জীবনকে সহজভাবে দেখার বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। 

শাড়ি পরা একটি ছবি প্রকাশ করে বয়সের তুলনায় তরুণ দেখানোর প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরেছেন শশী। তাঁর ভাষায়, ‘আপনাকে আপনার বয়সের তুলনায় কম বয়সী দেখায়। কারণ আপনি হিংসা বা খারাপ শক্তি বয়ে বেড়ান না।’

শশীর এই বক্তব্যে গুরুত্ব পেয়েছে মানুষের মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিষয়টি। নেতিবাচকতা থেকে দূরে থাকা এবং নিজের ভেতরে প্রশান্তি ধরে রাখার কথাই যেন মনে করিয়ে দিয়েছেন তিনি। জীবনকে জটিল করে তোলার প্রবণতা নিয়েও নিজের মত জানিয়েছেন অভিনেত্রী। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘জীবন সহজ হতে পারত, যদি না আমরাই ধরে ধরে পরিস্থিতিগুলোকে জটিল করতাম। চলুন জীবন সহজ করি। সবাইকে গোলাপি শুক্রবারের শুভেচ্ছা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে শশীর এসব পোস্টে উঠে এসেছে জীবনকে সহজভাবে গ্রহণ করা এবং ইতিবাচক থাকার আহ্বান। ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাগ করে নেওয়ার পাশাপাশি এমন ভাবনার কথাও নিয়মিত তুলে ধরেন তিনি। এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন শারমিন জোহা শশী। ‘ঘরে বাইরে’ নাটকে এশা চরিত্রে অভিনয় করছেন তিনি। নাবিলের সঙ্গে জুটি বেঁধে নাটকটিতে দেখা যাচ্ছে তাঁকে। বর্তমানে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে নাটকটি।