ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, মোহাম্মদপুর এলাকার খাল পুনরুদ্ধার ও সংস্কার করা হবে। একই সঙ্গে ডেঙ্গুমুক্ত নগরায়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করে জনগণের চলাচল নিশ্চিত এবং অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।
শনিবার (১০ অক্টোবর) মোহাম্মদপুরের বসিলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং চল্লিশ ফিট খাল সংস্কার কর্মসূচি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনগণ যা চায় তাই করা হবে এবং জনগণ যা চায় না তা কখনো করা হবে না। মিরপুর-১০ এর ফুটপাতে হকার উচ্ছেদ ও অবৈধ দখলের বিরুদ্ধে জনগণ দাঁড়িয়ে গেছে এবং জনগণ এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাই মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
তিনি বলেন, অটোরিকশা এখন ঢাকা শহরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনগণ এখন আর ঢাকা শহরে অটোরিকশা দেখতে চায় না। এই অটোরিকশা প্রতিদিন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে কাজ করছে সরকার।
প্রশাসক বলেন, মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা একে অপরের সঙ্গে জড়িত। কারণ যেখানে ময়লা আবর্জনা বেশি হয়, সেখানে বেশি মশা-মাছি জন্ম নেয়। তাই মশা নিয়ন্ত্রণে ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা জরুরি। আমরা মশক নিয়ন্ত্রণ ও ময়লা-আবর্জনা অপসারণ নিয়ে একযোগে কাজ করছি।তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা খুবই কম। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে এসেছে। ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০টি আঞ্চলিক কেন্দ্রে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। এই আদালত নগরবাসীকে সচেতনতা হওয়ার আহ্বান জানাচ্ছে এবং অনেক ক্ষেত্রে জরিমানা আদায় করছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।