ইন্দোনেশিয়ায় বনভূমিতে আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় বায়ুদূষণ অসহনীয় পর্যায়ে পৌঁছানোয় মালয়েশিয়ার কয়েকটি রাজ্য ও রাজধানী অঞ্চলের স্কুল শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, মালয় উপদ্বীপের জোহর, মালাক্কা, নেগেরি সেমবিলান ও সেলাঙ্গর রাজ্যের পাশাপাশি রাজধানী কুয়ালালামপুর এবং প্রশাসনিক কেন্দ্র পুত্রাজায়ার স্কুল বন্ধ থাকবে। এ ছাড়া পাহাং রাজ্যের রমপিন জেলাতেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফাদলিনা সিদেক বলেন, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে রাজ্য ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।মালয়েশিয়ার সরকারি বায়ুদূষণ সূচক অনুযায়ী, সূচকের মান ১০১ থেকে ২০০ হলে বায়ুর মান অস্বাস্থ্যকর ২০১ থেকে ৩০০ হলে অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দেশটির ৩৭টি এলাকায় বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছায়।
ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশে বনভূমি ও অন্যান্য জমিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এসব আগুনের ধোঁয়ায় প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও ঘন ধোঁয়াশা ছড়িয়ে পড়েছে।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো সম্মত হয়েছেন। এ ক্ষেত্রে ইন্দোনেশিয়াকে সহায়তা দিতেও প্রস্তুত মালয়েশিয়া।আনোয়ার ইব্রাহিম আরও বলেন, বায়ুদূষণ পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক সমন্বয় জোরদার করতে তিনি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্যদেশগুলোর মন্ত্রীদের একটি বৈঠক আয়োজনের উদ্যোগ নিতে বলেছেন। এর মাধ্যমে আঞ্চলিকভাবে পরিস্থিতি মোকাবিলা এবং ইন্দোনেশিয়ার আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টায় সহযোগিতা দেওয়ার লক্ষ্য রয়েছে।