NEWSTV24
কারসাজি করে ডিম-মুরগির দাম বাড়ালে কঠোর ব্যবস্থা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেছেন, কারসাজি করে ডিম ও মুগির দাম বাড়ানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে পোলট্রি খাতের উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী দুই সপ্তাহের মধ্যে দাম কমে আসতে পারে।গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ডিম ও পোলট্রি পণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। সভায় বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন, পাইকারি ও খুচরা পোলট্রি ও ডিম ব্যবসায়ী, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।সভায় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডিমের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে হবে। উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার প্রতিটি পর্যায়ে ক্রয়-বিক্রয়ের যথাযথ রসিদ সংরক্ষণ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জহিরুল ইসলাম বলেন, ডিম ও পোলট্রি পণ্যের সরবরাহ ও মূল্য সংযোজন শৃঙ্খলের প্রতিটি স্তর বিশ্লেষণ করে উৎপাদন, সরবরাহ ও চাহিদার প্রকৃত চিত্র নিরূপণ করা প্রয়োজন। ফিডের মান নিয়ে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বাজার থেকে ফিডের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

পাশাপাশি প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। মুক্ত আলোচনায় বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) প্রচার সম্পাদক ডা. সফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দুই সপ্তাহের মধ্যে দাম কমে আসতে পারে। তবে বিভিন্ন সময়ে উৎপাদন ব্যয়ের তুলনায় ডিমের দাম কমে যাওয়ায় একের পর এক প্রান্তিক খামারি বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক জানান, পোলট্রি ফিডের প্রায় ৭০ শতাংশ আমদানিনির্ভর। ফিডের দাম বেড়েছে। ডিসেম্বরে বাড়তি দামের ফিড বাজারে আসতে পারে। ফলে ভবিষ্যতে ডিম-মুরগির দাম বাড়তে পারে। ক্যাবের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, উৎপাদন ব্যয় ও বাজারমূল্যের মধ্যে সামঞ্জস্যের পাশাপাশি ভোক্তাদের স্বার্থও বিবেচনায় নিতে হবে। সিন্ডিকেশনের অভিযোগ প্রসঙ্গে কাজী ফার্মসের প্রতিনিধি সুলতান মাহমুদ ও প্যারাগন গ্রুপের প্রতিনিধি তানবির রাহাত বলেন, ডিমের বাজারে সিন্ডিকেশনের ধারণাটি সঠিক নয়। উৎপাদন ব্যবস্থা বিভিন্ন পর্যায়ের ও বহুমুখী হওয়ায় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়।