NEWSTV24
নতুন মেট্রোরেল প্রকল্প পাস, আগের দুটির ব্যয় দ্বিগুণ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

মেট্রোরেলপথের দুই প্রকল্পের ব্যয় ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকা ২০১৯ সালে নির্ধারিত ব্যয়ে রাজি না হওয়ায় গতকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় এই অনুমোদন দেওয়া হয়।জাপানের নানা শর্তে ব্যয় বৃদ্ধির কারণে সাবেক অন্তর্বর্তী সরকার প্রকল্প দুটির অগ্রগতি স্থগিত করে বিকল্প অর্থায়ন সন্ধান করতে চেয়েছিল। বর্তমান বিএনপি সরকার জাপানের ঋণে কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে প্রকল্প দুটির ব্যয় ৯৩ হাজার ৭৯৯ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ২ লাখ ৪ হাজার ২৪২ কোটি টাকা। পাতাল ও উড়ালপথের প্রকল্প দুটিতে প্রতি কিলোমিটার নির্মাণ ব্যয় হবে প্রায় ৪ হাজার কোটি টাকা। প্রকল্প দুটির মেয়াদও সাত বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে একনেক।

গতকাল একনেকের একই সভায় রাজধানীর গাবতলী থেকে আসাদগেট, রাসেল স্কয়ার, কারওয়ান বাজার, আফতাবনগর হয়ে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল (এমআরটি-৫ দক্ষিণ) প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এশীয় উন্নয়ন ব্যাংক এবং দক্ষিণ কোরিয়ার ঋণে ২০৩৩ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। প্রতি কিলোমিটারে ব্যয় হবে ২ হাজার ৬৪৫ কোটি টাকা।২০১৯ সালে অনুমোদনের সময় ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর-পূর্বাচল-কমলাপুর মেট্রোর (এমআরটি-১) ব্যয় ধরা হয়েছিল ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। ৬১ হাজার ৮৩৩ কোটি টাকা বাড়ানোর পর প্রকল্পটির ব্যয় দাঁড়াল ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি টাকা। ব্যয় রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ছাড়িয়ে যাওয়ায় এটি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পে পরিণত হয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলতি বছরের ডিসেম্বরে এমআরটি-১ চালুর পরিকল্পনা ছিল। গতকাল প্রকল্পটির মেয়াদ সাত বছর বাড়িয়ে ২০৩৩ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।