NEWSTV24
হরমুজে ইরানের নিষেধাজ্ঞায় আরও ৭৭ জাহাজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বিধিনিষেধ আরও কঠোর করেছে ইরান। প্রণালীটি পরিচালনার জন্য ইরানের গঠিত ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ (Persian Gulf Strait Authority) সম্প্রতি তাদের প্রোটোকল বা নিয়মাবলী লঙ্ঘনের অভিযোগে ৭৭টি জাহাজের একটি হালনাগাদ কালোতালিকা প্রকাশ করেছে। ইরানি কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তালিকাভুক্ত জাহাজগুলো ভবিষ্যতে এই জলপথ দিয়ে চলাচলের সময় কড়া বিধিনিষেধের সম্মুখীন হবে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে ভারী জরিমানা, আটক কিংবা একবারে বাজেয়াপ্ত করার মতো চরম ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে সহযোগিতা করা অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও পর্যায়ক্রমে এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। 

এদিকে, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের দাবিকে বারবার নাকচ করে আসছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে, এই কৌশলগত জলপথটি পুরোপুরি মার্কিন সামরিক বাহিনীর "সম্পূর্ণ নিয়ন্ত্রণে" রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এমন দাবি তীব্র ক্ষোভের সাথে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানি প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতি প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ইরানের ওপর আরোপিত সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে না। ফলে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের কারণে কৌশলগত এই আন্তর্জাতিক জলপথে নতুন করে বড় ধরনের সামরিক ও অর্থনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।