NEWSTV24
নিউ ইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় গুলিতে ইউসুফ রাজু নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় রাসেল নামের আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সময় রোববার ভোরে ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভেনিউয়ের আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।তদন্তকারী পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁটির ৪৪ বছর বয়সী কর্মী ইউসুফ রাজুর মাথায় গুলি লাগে। আর ৩৯ বছর বয়সী রাসেলের পায়ে গুলি লাগে।রাজুকে গুরুতর আহত অবস্থায় কাছের ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কী কারণে গুলি চালানো হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিউ ইয়র্ক পুলিশ ঘটনাটি তদন্ত করছে। স্থানীয় সময় রোববার রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।তবে ব্রুকলিনে বসবাসরত নোয়াখালী কমিউনিটির নেতা শহিদুল্লাহ কাইসারের ভাষ্য অনুযায়ী, ওই রেস্তোরাঁয় এক গ্রাহক খাবারের বিল পরিশোধ না করে চলে যাচ্ছিলেন। রাজু ও রাসেল তাকে বিল পরিশোধ করতে বলেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই গ্রাহক পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যান।নিহত ইউসুফ রাজু প্রায় তিন বছর আগে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। যুক্তরাষ্ট্রে আসার জন্য তিনি একজন দালালকে ৩০ লাখ টাকা দিয়েছিলেন। পরে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।

রাজু বিবাহিত ছিলেন। বাংলাদেশে তাঁর স্ত্রী, তিন সন্তান, ভাই-বোন এবং মা-বাবা রয়েছেন।রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগরে। আহত রাসেলের বাড়িও নোয়াখালীতে। তিনিও দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিক জানান, রাজুর স্বজনেরা বাংলাদেশ থেকে ফোন করে তাঁর লাশ দেশে পাঠিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।ঘটনার পর নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ তৈরি হয়েছে। তবে গুলির ঘটনায় প্রকৃত কারণ, হামলাকারীর পরিচয় এবং হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত বিষয় এখনো পুলিশের তদন্তে রয়েছে।