NEWSTV24
ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকর করা একটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে : আরব লীগ
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ২০:৩৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য একটি স্থাপনা তৈরির কাজ শুরু করেছে ইসরাইল। এর তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সংস্থাটি সতর্ক করে বলেছে, যেকোনো মৃত্যুদণ্ড কার্যকর করা একটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহি প্রয়োজন।

আরব লীগ এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের এই উদ্যোগ ফিলিস্তিনি বন্দিদের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে একটি ‘বিপজ্জনক ও নজিরবিহীন’ পদক্ষেপ। এর মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইন, বিশেষ করে চতুর্থ জেনেভা কনভেনশন ও এর প্রোটোকল এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তি লঙ্ঘিত হচ্ছে। এসব আন্তর্জাতিক আইনে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বন্দিদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের অমানবিক বা স্বেচ্ছাচারী আচরণ থেকে রক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে।

সংগঠনটি আরো বলেছে, গত মার্চে ইসরাইলি পার্লামেন্ট নেসেটে মৃত্যুদণ্ডসংক্রান্ত আইন পাস এবং বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকরের অবকাঠামো তৈরির প্রস্তুতি—দুটি বিষয়ই একটি ‘পদ্ধতিগত নীতির’ অংশ। এর লক্ষ্য ফিলিস্তিনি জনগণের জাতীয় আকাঙ্ক্ষাকে নির্মূল করা এবং ইসরাইলি কারাগারগুলোকে মৃত্যুদণ্ড কার্যকরের কেন্দ্রে পরিণত করা। আরব লীগের মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’।

গত মার্চে ইসরাইলের পার্লামেন্ট ‘সন্ত্রাসবাদ’-সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের প্রয়োগ সম্প্রসারণ করে একটি আইন পাস করে। মানবাধিকার সংগঠনগুলো তখন এর সমালোচনা করে সতর্ক করেছিল, এই আইন ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্যমূলকভাবে প্রয়োগের ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে, হাজার হাজার ফিলিস্তিনি বর্তমানে ইসরাইলি কারাগারে বন্দি রয়েছেন। তাদের অনেককেই কোনো বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এ ধরনের আটককে স্বেচ্ছাচারী ও অন্যায্য বলে সমালোচনা করে আসছে।

 

সূত্র: আল জাজিরা