NEWSTV24
প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ
রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ০৯:৫০ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ রবিবার কিশোরগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর ব্যস্ত কর্মসূচি নিয়ে তার এই সফর ঘিরে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রশাসনের প্রস্তুতির পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান থেকে শুরু করে মৎস্য খাতের নানা কর্মসূচি রয়েছে এই সফরে। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কিশোরগঞ্জবাসীর রয়েছে অনেক প্রত্যাশাও।সরকার প্রধানের আগমন ঘিরে কিশোরগঞ্জ সেজেছে নতুন আঙ্গিকে। ঐতিহাসিক শতবর্ষী কিশোরগঞ্জ স্টেডিয়ামে মাঠ এবং মাঠের দক্ষিণ প্রান্তে সাজসজ্জায় প্রস্তুত বিশাল মঞ্চ। একই সঙ্গে সর্বোচ্চ নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট প্রশাসন। কর্মসূচির স্থানগুলোয় দফায় দফায় পরিদর্শন করে সমন্বয় করা হয়েছে , যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়।প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে- সড়কপথে পাকুন্দিয়া এসে বেলা ১১টায় মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ। একই এলাকায় পোনা বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

তারপর পাকুন্দিয়া থেকে সড়কপথে দুপুর সাড়ে বারোটায় কটিয়াদী পৌঁছাবেন এবং জেলার একমাত্র সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুপুর দেড়টায় কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ পরিদর্শন শেষে সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সময়ে ঈদগাহে ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। পরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে বিরতির পর বিকাল চারটায় শহরের ঐতিহাসিক কিশোরগঞ্জ স্টেডিয়ামে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কর্মসূচিতে যোগ দেবেন সরকার প্রধান। এ সময় তিনি উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। একই অনুষ্ঠানে অন্যান্য অনুদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিশোরগঞ্জবাসীর প্রত্যাশার কেন্দ্রে এখন অবহেলিত কিশোরগঞ্জের উন্নয়ন। অবকাঠামো, যোগাযোগ, কৃষি ও মৎস্য খাতে নতুন উদ্যোগ চান জেলার মানুষ। দীর্ঘদিন পর সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের আশা, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জেলার উন্নয়নেও নতুন গতি আসবে এই সফরে।