NEWSTV24
বিএনপির প্রার্থী ঘোষণা আজ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপি হাইকমান্ডসহ স্থায়ী কমিটির সদস্যরা। দলটির ভেতরে-বাইরে এবং রাজনৈতিক মহলেও রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে গুঞ্জনের শেষ নেই। সবার আগ্রহের বিষয় কে হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি, যা আজকেই স্পষ্ট হয়ে যাবে। লুকোচুরির কিছু নেই, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন বিধি অনুযায়ী প্রার্থীকে মনোনয়নপত্রে সম্মতিসূচক স্বাক্ষর প্রদান করতে হয়। এসব কিছু চূড়ান্ত করেই দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। সেই লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে দলটি। বাংলাদেশ সচিবালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে দলের পক্ষে রাষ্ট্রপতি প্রার্থী। একই সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী যিনি হচ্ছেন তিনি যদি দলীয় পদে, মন্ত্রিসভায় কিংবা সংসদ সদস্য হয়ে থাকেন সব জায়গা থেকে পদত্যাগের ঘোষণা দিতে হবে। যার পরিপ্রেক্ষিতে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম জানাবে বিএনপি। ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময়সীমার আগেই আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নও জমা দেওয়া হবে। বিএনপির একাধিক স্থায়ী কমিটির সদস্য আমাদের সময়কে এমনটাই নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ইতোমধ্যে রাষ্ট্রপতি মনোনয়ন ইস্যুতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির প্রত্যেক সদস্যের পৃথক পৃথক মতামত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থায়ী কমিটির প্রত্যেক সদস্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষেই মতামত দিয়েছেন। একই সঙ্গে সদস্যরা চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপকালে মতামত দেন; মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতি প্রার্থী হন তাহলে দল ও সরকারের বেশ কয়েকটি স্থানে পরিবর্তন আনতে হচ্ছে। পদত্যাগ করতে হবে দলীয় মহাসচিব, স্থানীয় সরকারমন্ত্রী ও সংসদ সদস্য পদ থেকে। দল ও সরকারের বিকল্প থাকলেও বিশেষ করে সরকারকে এই মুহূর্তে উপনির্বাচন আয়োজন করতে হবে। সেই বিষয়টিও ভেবে বিকল্প রাখার পরামর্শ উঠে আসে। সেক্ষেত্রে মির্জা ফখরুলের পাশাপাশি নজরুল ইসলামের নামও আলোচনায় উঠে আসে।এদিকে ইতোমধ্যে বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এখনও প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি জানায়নি ক্ষমতাসীন দলটি। পূরণ করা মনোনয়নপত্র আজ বিকাল ৪টার মধ্যে নির্বাচন ভবনে নির্বাচনী কর্মকর্তার দপ্তরে জমা দিতে হবে। ফলে বিএনপি যদি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা নাও দেন তবুও নির্বাচন কমিশন থেকে জানা যাবে, কে হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। তবে সংসদে সংখ্যগরিষ্ঠতা থাকায় বিএনপি মনোনীত প্রার্থীই বিজয়ী হতে যাচ্ছেন। তবে দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গতকাল বুধবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের হাইকমান্ডের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মানসিকভাবে তৈরি থাকতে বলা হয়েছে। একই সঙ্গে দল, সরকার এবং জাতীয় সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।