NEWSTV24
নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার ৩০৮ অপহৃত নাগরিক
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ১৬:৫৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

নাইজেরিয়ায় সশস্ত্র অপহরণকারী চক্রের বিরুদ্ধে পরিচালিত বৃহৎ সমন্বিত অভিযানে ৩০৮ জন অপহৃত নাগরিককে জীবিত উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এবং জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র যৌথভাবে অংশ নেয়। দেশটির সরকার একে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করেছে।

প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতিতে জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের নাইজার ও কোয়ারা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অস্ত্রধারী অপহরণকারী চক্র তুলে নিয়ে গিয়েছিল। দীর্ঘ গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট টিনুবু।

সরকারি তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ৩০৮ জনের মধ্যে ১৬৩ জনকে কোয়ারা রাজ্যের কাইয়ামা স্থানীয় সরকার এলাকার ওরো সম্প্রদায় থেকে এবং ১৪৫ জনকে নাইজার রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী, শিশু ও বয়স্করাও রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা, খাদ্য ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে নাইজার রাজ্যের নিউ বুসা স্থানীয় সরকার এলাকার কাইঞ্জি লেক ন্যাশনাল পার্কের ঘন বনাঞ্চল থেকে জিম্মিদের উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার (এনসিটিসি)। এতে সেনাবাহিনী, পুলিশ, স্টেট সিকিউরিটি সার্ভিস (এসএসএস) এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা অংশ নেন।

.নাইজেরিয়ার সরকার জানিয়েছে, একদিনে পরিচালিত অভিযানে এতসংখ্যক অপহৃত ব্যক্তিকে উদ্ধারের ঘটনা দেশটির সাম্প্রতিক ইতিহাসে বিরল। নিরাপত্তা বাহিনীর সমন্বিত অভিযান, গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং দ্রুত পদক্ষেপের ফলেই এ সাফল্য এসেছে বলে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যারাইজ নিউজ জানিয়েছে, বেনিন সীমান্তবর্তী কোয়ারা রাজ্য সরকার এই উদ্ধার অভিযানের ভূয়সী প্রশংসা করেছে। রাজ্য প্রশাসন এক বিবৃতিতে প্রেসিডেন্ট টিনুবু, নিরাপত্তা বাহিনী এবং অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে অপহৃতদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

.জানা গেছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি কোয়ারা রাজ্যের কাইয়ামা এলাকায় হামলা চালিয়ে শতাধিক গ্রামবাসীকে অপহরণ করে অস্ত্রধারীরা। এরপর থেকেই নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করে। কয়েক মাসের গোয়েন্দা তৎপরতার পর অবশেষে এ বড় সফলতা আসে।

এদিকে, নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। আল জাজিরা, পাঞ্চ ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ, সন্ত্রাসী হামলা এবং সশস্ত্র দস্যুদের তৎপরতা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে বোকো হারাম, আইএসডব্লিউএপি (আইএস-এর পশ্চিম আফ্রিকা শাখা) এবং বিভিন্ন সশস্ত্র দস্যু গোষ্ঠীর হামলায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এসব গোষ্ঠী প্রায়ই স্কুল, গির্জা, মসজিদ, গ্রাম ও মহাসড়কে হামলা চালিয়ে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে। যেসব এলাকায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দুর্বল, সেখানে এ ধরনের অপরাধ আরও বেশি ঘটছে বলে নিরাপত্তা বিশ্লেষকদের মত।

গত ১৮ জানুয়ারি কাদুনা রাজ্যের কুরমিন ওয়ালি গ্রামের তিনটি গির্জা থেকে ১৭৭ জনকে অপহরণ করা হয়। এছাড়া গত মাসে নিরাপত্তা বাহিনী দক্ষিণাঞ্চলীয় ওয়ো রাজ্য থেকে মে মাসে অপহৃত অন্তত ৪০ জন শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করে।

এর আগে জুন মাসে প্রেসিডেন্ট টিনুবু জানিয়েছিলেন, গত এক বছরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ হাজারের বেশি সন্ত্রাসী ও সশস্ত্র অপরাধীকে নিষ্ক্রিয় করা হয়েছে। একই সময়ে সেনাবাহিনী বোকো হারাম ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর কবল থেকে ৩৬০ জনের বেশি জিম্মিকে উদ্ধার করেছে।