ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী তাদের ‘সক্রিয়’ সামরিক অভিযান অব্যাহত রাখবে। ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গাজা সফরের সময় ইয়াল জামির বলেন, আমরা হামাসকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছি এবং নিরাপত্তা পরিস্থিতির বাস্তবতা বদলে দিয়েছি। তিনি আরও বলেন, আমরা গাজা উপত্যকায় সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাব। সব ধরনের হুমকি দূর করব এবং ইসরাইলি সম্প্রদায় ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করব।
জামির বলেন, এর একটি স্পষ্ট উদাহরণ হলো নুখবা যোদ্ধাদের এবং ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করার অভিযান।
তিনি হামাসের সামরিক শাখার বিশেষ বাহিনী নুখবা ইউনিটের কথা উল্লেখ করছিলেন। জামিরের এই মন্তব্য এমন সময় এলো, যখন কয়েক দিন আগে বোর্ড অব পিসের গাজা প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজার প্রশাসনিক দায়িত্ব বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
.এপি’র তথ্য অনুযায়ী, ম্লাদেনভ একই সঙ্গে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেয়ার স্বার্থে গাজায় ইসরাইলের সামরিক হামলা বন্ধ করার আহ্বানও জানান। ওদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, হামাস ও ইসরাইলের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় ফিলিস্তিনি নেতারা যে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত নিলে তেহরান তা সমর্থন করবে। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।