জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকাসহ সারাদেশে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ উপলক্ষে বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে থাকবে বাড়তি নিরাপত্তা। সড়কে বিশেষ টহল ও চেকপোস্টের পাশাপাশি থাকবে অনলাইনে নজরদারি। আর বরাবরের মতোই পুলিশ-র;্যাবের ইউনিফর্মধারী সদস্যের পাশাপাশি সাদা পোশাকে মাঠে থাকবেন গোয়েন্দা সদস্যরা।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক ব্যবস্থা নিয়েছে ডিএমপি। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীজুড়ে চেকপোস্ট ডিউটি বাড়ানো হয়েছে। বিশেষ করে মহানগরের সব প্রবেশপথে তল্লাশি ও চেকপোস্ট পরিচালনা করা হবে। পাশাপাশি ডিবি ও সিটিটিসি সাদা পোশাকে সব গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে। যেসব জায়গায় সাধারণ মানুষের সমাগম বেশি হবে, সেখানে সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ তল্লাশি চালানো হবে।
সব অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অন্তর্ভুক্ত করে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের নজরদারিতে আনা হয়েছে। একই সঙ্গে সাদা পোশাকে সিটিএসবি ও আইএডির গোয়েন্দা কার্যক্রম চলমান। জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হচ্ছে পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি)। নিয়মিত মোতায়েনের পাশাপাশি ডিএমপির অতিরিক্ত ফোর্সসহ র;্যাব ও সিআইডি যৌথভাবে মহানগরের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় থাকবে।র;্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে কোনো মহল যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে ব্যবস্থা নিয়েছে র;্যাব। তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।
জানতে চাইলে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় এখানে জেলার নিয়মিত পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আট প্লাটুন ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ৫ ও ১৫ আগস্ট মাঠে থাকবে পাঁচ প্লাটুন বিজিবি।বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, এক সপ্তাহ আগে থেকেই টহল,তল্লাশি, গোয়েন্দা নজরদারি চলমান আছে। গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানের স্থান ঘিরে থাকছে বাড়তি নিরাপত্তা।