NEWSTV24
স্পেনের ছিটমহল সিউতায় মানবিক সংকট চরমে
সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ২০:২৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের ছিটমহল সিউতায় (Ceuta) মরক্কো সীমান্ত দিয়ে হঠাৎ প্রায় ৫০ থেকে ৬০ হাজার অভিবাসনপ্রার্থীর অনুপ্রবেশ ঘটেছে। নজিরবিহীন এই সীমান্ত সংকটে চরম মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এবং স্পেনসহ সমগ্র ইউরোপজুড়ে নতুন করে শুরু হয়েছে অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক বিতর্ক।

স্প্যানিশ কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, কেবল এক সপ্তাহের ব্যবধানে সমুদ্র সাঁতরে এবং সীমান্ত প্রাচীর টপকে কয়েক হাজার তরুণ ও যুবক সিউতায় প্রবেশের চেষ্টা চালায়। এই ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ প্রচেষ্টায় অন্তত ৭২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে—যাদের অনেকেই সমুদ্রে ডুবে অথবা সীমান্ত প্রাচীরে হুড়োহুড়ির সময় পদপিষ্ট হয়ে প্রাণ হারান।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পর সিংহভাগ অভিবাসীই মরক্কোতে ফিরে গেছেন কিংবা তাদের পুশব্যাক করা হয়েছে। বর্তমানে সিউতার স্বাভাবিক জীবনযাত্রা ও দোকানপাট খুলতে শুরু করলেও সেখানকার ৮৪ হাজার স্থানীয় অধিবাসীদের মনে এখনো আতঙ্ক বিরাজ করছে।

সংকটটি কীভাবে তৈরি হলো—তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। স্প্যানিশ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়কে কেন্দ্র করে মানব পাচারকারী চক্রের ভুল প্রচারণাকেই মূলত এর জন্য দায়ী করছেন স্থানীয় কর্মকর্তারা। জুনের শেষ সপ্তাহে দেয়া ওই রায়ে আদালত জানিয়েছিল—সমুদ্রপথে আসা অভিবাসীদের নির্দিষ্ট বিচারিক প্রক্রিয়া ছাড়া তাৎক্ষণিকভাবে পুশব্যাক করা যাবে না। পাচারকারীরা অভিবাসীদের বোঝায় যে, এই রায়ের কারণে এখন আর কাউকেই সহজে ফেরত পাঠানো যাবে না।

এই ঘটনা ইউরোপের রাজনীতিতেও বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। স্পেনের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধী ও অতি-ডানপন্থি দলগুলো বর্তমান পেদ্রো সানচেজ সরকারের সীমান্ত নীতিকে "ব্যর্থ" বলে তীব্র সমালোচনা করছে। পরিস্থিতির প্রেক্ষাপটে ইতালি ও ফ্রান্স ইতিমধ্যে তাদের স্প্যানিশ সীমান্তে নিরাপত্তা তল্লাশি জোরদার করেছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী সানচেজ জানিয়েছেন, সিউতা উপকূলীয় অঞ্চলে ভাসমান ব্যারিকেড বা প্রতিবন্ধকতা স্থাপন করা হবে যেন পুশব্যাক আইনি কাঠামো বজায় রেখেই সীমান্ত সুরক্ষিত রাখা যায়।