NEWSTV24
United Arab Emirates ইসরাইলকে সতর্কবার্তা আরব আমিরাতের
সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৮:৫০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এসব হামলা অবিলম্বে বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ইসরাইলকে সতর্ক করেছে আবুধাবি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বসতি স্থাপনকারীদের এসব হামলা মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক ও চরমপন্থী কর্মকাণ্ডের শামিল। এ ধরনের সহিংসতা এখনই বন্ধ করা উচিত।

বিবৃতিতে তুলকারেমে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাটিও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের হামলার পূর্ণ দায় ইসরাইলি সরকারের। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আমিরাত সতর্ক করে বলেছে, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সেটিকে তাদের প্রতি নীরব সমর্থন হিসেবে বিবেচনা করা হবে। এমন পরিস্থিতি ঘৃণা, বর্ণবাদ ও আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে বলেও সতর্ক করেছে দেশটি।

এদিকে, আরব আমিরাতের এই অভিযোগ ও সতর্কবার্তার বিষয়ে এখনো ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।