ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নবনির্বাচিত প্রধান খলিল আল-হায়্যাকে অভিনন্দন জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে গাজায় ইসরায়েল পুনরায় আক্রমণ চালালে তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি ব্যক্ত করেছে গোষ্ঠীটি।
হুথি সামরিক বাহিনীর অন্যতম প্রধান কর্মকর্তা ইউসুফ আল-মাদানি এক বিবৃতিতে বলেন, "এই ঐতিহাসিক ও স্পর্শকাতর সময়ে এমন দায়িত্ব গ্রহণ হামাসের নেতৃত্ব ও সংগ্রামের দৃঢ়তারই বহিঃপ্রকাশ।"
তিনি আরও উল্লেখ করেন, ফিলিস্তিন সংকট ও গাজার ওপর চলা অন্যায় অবিচারের বিষয়টি তাদের মূল অগ্রাধিকার এবং এতে কোনো আপস করা হবে না। গাজায় ইসরায়েলের নতুন কোনো আগ্রাসন বরদাশত করা হবে না জানিয়ে তিনি বলেন, ইসরায়েল যদি গাজায় পুনরায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে হুথি বাহিনী তাৎক্ষণিকভাবে সামরিক তৎপরতা জোরদার করতে পূর্ণ প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, সোমবার হামাসের অভ্যন্তরীণ নির্বাচনে প্রাক্তন রাজনৈতিক প্রধান খালেদ মেশালকে হারিয়ে নতুন প্রধান নির্বাচিত হন আল-হায়্যা। এর আগে তিনি দলটির ভাইস চেয়ারম্যান ও শীর্ষ সমন্বয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইয়ে সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর এই পদটি খালি হয়।