NEWSTV24
ফোনের ডেটা সেভ রাখতেও গুগলে জায়গা লাগবে, আসছে নতুন নিয়ম
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ০৯:৩৪ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় এক পরিবর্তন নিয়ে আসছে গুগল। এখন থেকে ফোনের ডেটা ব্যাকআপ রাখতেও গুগল অ্যাকাউন্টের স্টোরেজ বা মেমোরি খরচ হবে। নতুন এই নীতি কার্যকর হওয়ার বিষয়ে গ্রাহকদের ইমেইল পাঠিয়ে সতর্ক করা শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি।অ্যান্ড্রয়েড অথরিটি -এর এক প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়মটি কার্যকর হওয়ার প্রায় ৪৫ দিন আগে থেকেই ব্যবহারকারীদের ইমেইল পাঠাচ্ছে গুগল, যাতে তারা প্রয়োজনীয় প্রস্তুতির সময় পান। নির্ধারিত সময়ের পর থেকে ব্যবহারকারীদের এসএমএস, কল হিস্ট্রি, ডিভাইসের নানা সেটিংস এবং অ্যাপের তথ্য ব্যাকআপ হিসেবে গুগল অ্যাকাউন্টের স্টোরেজে জায়গা দখল করবে।উল্লেখ্য, এর আগে এসব তথ্য সংরক্ষণের জন্য আলাদা করে কোনো স্টোরেজের হিসাব করা হতো না।

নতুন এই নিয়মের ফলে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের স্টোরেজ লিমিট বা ধারণক্ষমতা পূর্ণ হয়ে গেলে, নতুন করে আর কোনো স্বয়ংক্রিয় ব্যাকআপ তৈরি হবে না। সেক্ষেত্রে ব্যাকআপ সুবিধা চালু রাখতে গ্রাহকদের অপ্রয়োজনীয় ফাইল মুছে জায়গা খালি করতে হবে, অথবা গুগলের বড় কোনো স্টোরেজ প্ল্যান কিনে নিতে হবে।তবে এতে সাধারণ ব্যবহারকারীদের খুব বেশি চিন্তার কারণ নেই। গুগলের পাঠানো ইমেইলে বলা হয়েছে, এই আপডেটের ফলে ব্যবহারকারীদের ব্যাকআপের আকার খুব একটা বাড়বে না। গড়ে মাত্র ৩০ থেকে ৪০ মেগাবাইট অতিরিক্ত স্টোরেজ খরচ হতে পারে।পাশাপাশি ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থাও আনছে গুগল। এর ফলে অ্যান্ড্রয়েড ৯ এবং এর চেয়ে আপডেট ভার্সন ব্যবহারকারীরা এখন থেকে নিজেরাই নির্ধারণ করতে পারবেন ঠিক কোন অ্যাপ বা তথ্যের ব্যাকআপ তারা রাখবেন আর কোনটি বাদ দেবেন।